Panagarh Accident: পানাগড়কাণ্ডে গ্রেফতার SUV গাড়ির চালক বাবুল যাদব, বাকিরা কোথায়? প্রশ্ন সুতন্দ্রার পরিবারের
Panagarh Case: তিনদিন পর পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। কাঁকসা থানায় নিয়ে আসা হয়েছে তাকে। পানাগড়ে জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব ও তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়িচালক বাবলু। তবে তিনদিন পর কেন একজনকে গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলেছে সুতন্দ্রার পরিবার। বাকি সঙ্গীদেরও গ্রেফতারি দাবি পরিবারের।
পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাত সাড়ে বারোটায় ১৯ নম্বর জাতীয় সড়কে টানা ২০ কিলোমিটার রাস্তা তরুণীর গাড়ি ধাওয়া করা হয়। এমনকী গাড়িতে ধাক্কা, বারবার কটূক্তি করে দুষ্কৃতীর। তাড়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সাদা রঙের ক্রেটা এসইউভি গাড়ি থেকে জনা পাঁচেক যুবক বছর সাতাশের ওই তরুণীকে উত্যক্ত করছিল বলে অভিযোগ।

রবিবার রাতের ওই দুর্ঘটনায় কাঁকসা থানার পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরাও। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল রাইস মিল মোড়ে যান ফরেনসিক আধিকারিকরা। আরএফএসএল টিম এসে দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। ঠিক কীভাবে দুর্ঘটনা, কোথায় অভিঘাত, তা খতিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিও তোলা হয়েছে দুর্ঘটনাস্থলের।
রাইস মিল এলাকায় সুতন্দ্রার গাড়ি গলিতে উল্টে ছিল। দুর্ঘটনার অভিঘাতে পাবলিক টয়লেটের দেওয়াল ভেঙে গিয়েছিল। ইতিমধ্যেই সেই জায়গা পুলিশ কর্ডন করে রেখেছে। ফরেনসিক আধিকারিকদের সহযোগিতা করেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরাও। রেষারেষির জেরে দুর্ঘটনা বলে আগেই দাবি করেছিল পুলিশ।
এদিকে দুর্ঘটনাস্থল রাইস মিল মোড়ে যাওয়ার আগে কাঁকসা থানায় গিয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা। দীর্ঘক্ষণ কাঁকসা থানায় দুটি গাড়িই পরীক্ষা করেছেন তারা। সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখেছেন তারা। তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন তারা।
পরিবারের সদস্যদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সাদা গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। দুর্ঘটনার দিন সাদা ক্রেটা গাড়ির চালকের আসনে বসেছিলেন তিনি। জানা গিয়েছে, গাড়ির পুরোনো যন্ত্রাংশের ব্যবসায়ী এই বাবলু যাদব। দুর্ঘটনার দিন বাবলুর তিন সঙ্গীও ছিল। গাড়িতে থাকা যুবকরা সুতন্দ্রাকে উত্যক্ত করেছিল বলে অভিযোগ। বাকিদেরও গ্রেফতারির দাবি তুলেছেন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications