বাম-কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক বিরোধী দলের নেতাদের
কলকাতা, ২৫ অগাস্ট : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে খুব একটা সুখের ছিল না। এদিন পৃথক পৃথক ভাবে বেশ কিছু প্রভাবশালী বিরোধী রাজনৈতিক দলের নেতা দলত্যাগ করে শাষক দলের খাতায় নাম লেখালেন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল সবং থেকে কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার ভাইয়ের দলত্যাগের ঘটনা।
পিএসি-র চেয়ারম্যান পদে বসার সময় থেকেই কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার সঙ্গে তার দলের বিরোধ শুরু হয়েছিল। আজ তাঁর ভাই বিকাশরঞ্জন ভুঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এর ফলে সবং পঞ্চায়েত সমিতি, সবং গ্রাম পঞ্চায়েত চলে গেল তৃণমূল কংগ্রেসের দখলে। অন্যদিকে একধাক্কায় সবং-এ কংগ্রেসের অস্তিত্বও সংকটে পড়ে গেল।

অন্যদিকে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিও বামেদের হাতছাড়া হতে চলেছে। ৪১টি আসনের জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতি। আগের থেকেই তৃণমূলের হাতে ছিল ৪টি আসন। কংগ্রেস থেকে ২ জন এবং বাকি ১৬ জন বাম সদস্য তৃণমূলে যোগদান করায় এখন তাদের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ২২ জন। আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হবে জানানো হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এদিনের দলত্যাগী নেতাদের দলে নেওয়ার কথা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য্য এদিনের ঘটনাকে শাষক দলের চক্রান্ত বলেই ব্যাখ্যা করেন।












Click it and Unblock the Notifications