রাজ্যে সরকারিভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক, বিধানসভার সামনে সরব শুভেন্দু অধিকারী
রাজ্যে সরকারিভাবে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক, বিধানসভার সামনে সরব শুভেন্দু অধিকারী
রাজ্যে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস (west bengal day) পালনের ডাক দিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন বিজেপির রাজ্য দফতর মুরলী ধর সেন লেনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শুভেন্দু অধিকারী যান বিধানসভার সামনে। সেখানে তিনি দাবি করেন, সব বিধায়ককে এই দিবস পালন করতে হবে।

রাজ্য দফতরের সামনে অনুষ্ঠান
বিজেপির রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনে এদিন বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, স্বাধীনতার পর থেকে রাজ্যের কোনও নির্বাচিত সরকারই এদিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পারন করতে উদ্যোগী হয়নি। তাঁর মতে কংগ্রেস, সিপিএম থেকে হালের তৃণমূল, কেউই দিনটির গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয়। কেননা এইসব রাজনৈতিক দলগুলি দেশগঠনে শ্যামাপ্রসাদের অবদানকে স্বীকৃতি দিতে চায় না। শুভেন্দু অধিকারী দাবি করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে, আজ হিন্দুদের জন্য বাংলা তৈরি হত না। তা থাকত ঢাকা কিংবা ইসলামাবাদের মতো মুসলিম জায়গা হয়ে।

বিধানসভার গেটে দাবি
এরপর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা বিজেপির রাজ্য দফতরের সামনে থেকে মিছিল করে যান বিধানসভার দক্ষিণ গেটে। সেখানে উপস্থিত ছিলেন ৫৪ জন বিধায়ক। বিরোধী দলনেতা দাবি তোলেন, বিধানসভার সব বিধায়ককে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। স্মারক তৈরি করার ডাকও দেন তিনি। এব্যাপারে তিনি ওড়িশা দিবসের কথাও উল্লেখ করেন।

বিজেপির দাবি
রাজ্য বিজেপির নেতাদের দাবি ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়। তাদের আরও দাবি, শ্যামাপ্রসাদপন্থী ৫৪ জন বিধায়কের দাবিতেই সেদিন পশ্চিমবঙ্গ ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এব্যাপারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মন্তব্যও তুলে ধরা হয়েছে বিজেপির তরফ থেকে। সেখানে বলা হয়েছে, শ্যামাপ্রসাদ বলেছিলেন, আপনারা ভার ভাগ করেছেন। আর তিনি (শ্যামাপ্রসাদ) পাকিস্তানকে টুকরো করলেন।

তৃণমূলের প্রতিক্রিয়া
বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে খোঁচা দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওদের একার নয়। তাই আলাদা করে এই দিবস পালনের কোনও অর্থ নেই বলেই মনে করে তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা ভোটে হারার পরে প্রথমবারের জন্য বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications