একজন পার্টি অফিসে অসুস্থ হয়ে মারা গেলেন, বিজেপির তদন্ত করা উচিত বললেন সুজন চক্রবর্তী
একজন পার্টি অফিসে অসুস্থ হয়ে মারা গেলেন, বিজেপির তদন্ত করা উচিৎ বললেন সুজন চক্রবর্তী
সোমবার সন্ধ্যায় বিজেপির হেস্টিং পার্টি অফিসে অসুস্থ হয়ে পড়েন দলের যুবনেতা রাজু সরকার৷ প্রথমে এসএসকেএম ও পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজুকে৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

কী বলছেন সিপিএম শীর্ষ নেতা সুজন চক্রবর্তী?
বিজেপির রাজ্যের অন্যতম বড় দলীয় কার্যালয়ে একজন কর্মীর এরকমভাবে মারা যাওয়ার বিষয়টিকে কেমনভাবে দেখছেন? ওয়ানইন্ডিয়া বাংলার এই প্রশ্নের উত্তরে সিপিএম শীর্ষ নেতা সুজন চক্রবর্তী বলেন, 'দেখুন এ বিষয়ে দুঃখ জানানো ছাড়া আমাদের আর কী বলার থাকতে পারে! এটি খুবই দুঃখজনক ঘটনা। তবে বিজেপি পার্টি অফিসে একজন যুবক এইভাবে মারা গেলেন! কী এমন হয়েছিল যে এরকম অনভিপ্রেত ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত করে পরিষ্কার করা উচিত বিজেপির।'

কী হয়েছিল হেস্টিংসে?
একাধিক সংবাদমাধ্যমের খবর সোমবার বিকেলে হেস্টিংয়ে বিজেপির দলীয় কার্যালয়ে তিন জেলার যুব মোর্চার মিটিং ছিল৷ মিটিং চলাকালীন একটি ডায়রি নিয়ে উত্তেজনা তৈরি হয়৷ এমনকি পরিস্থিতি হাতাহাতির জায়গাতেও পৌঁছয়। উত্তেজনা বাড়লে মিটিং ছেড়ে বাইরে বেরিয়ে যান বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি রাজু সরকার৷ কিছুক্ষণ পর আবার ফিরে এসে মিটিংয়ে যোগ দেন। এরপর তাঁর অস্বস্তি বাড়লে তিনি আবার মিটিং ছেড়ে বেরোতে গিয়ে সিঁড়ির কাছে অসুস্থ হয়ে পড়েন। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজুকে।

কী বলছে বিজেপি?
যদিও এই ঘটনার বিষয়ে একেবারেই অস্বীকার করছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতা সোমবার রাতেই ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন কোনও হাতাহাতি কিংবা উত্তেজনার ঘটনা ঘটেনি সোমবারের মিটিংয়ে৷ রাজু সরকার হঠাৎ ই অসুস্থ হয়ে পড়লে তাঁকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু মর্মান্তিক মৃত্যুটি আটকানো সম্ভব হয়নি৷












Click it and Unblock the Notifications