'কঠিন শাস্তি হবে'! দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর, কী জানালেন?
দুর্গাপুরকাণ্ডে 'নির্যাতিতা' ও তাঁর মায়ের সঙ্গে সোমবার ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির জন্য সমস্ত জায়গা থেকে চাপ তৈরি করা হবে। নির্যাতিতা'র মাকে সেই আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান ওড়িশা মহিলা কমিশনের প্রধান শোভনা মোহান্তি।
একই সময় নির্যাতিতা, তাঁর পরিবার ও শোভনা মোহান্তি সঙ্গে ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পরবর্তী সময়ে ফোনালাপের ভিডিয়োর একটি অংশ স্থানীয় সংবাদমাধ্যমগুলিকে পাঠায় সে রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। সেখানে নির্যাতিতা'র উদ্দেশে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, "একদম চিন্তা করবেন না। ওড়িশা সরকার আপনার এবং আপনার পরিবারের সঙ্গে সব রকম ভাবে রয়েছে। আমরা সব কিছু দেখে নেব। ধৈর্য হারাবেন না। মনে সাহস রাখুন।" তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা তিনি করবেন। সাথে তিনি এটাও জানিয়েছেন মেয়েটির পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সবরকমের সাহায্য তিনি করবেন। ২৩ বছরের ওই ডাক্তারি ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

ওড়িশার বাসিন্দা ওই ডাক্তারির ছাত্রী দুর্গাপুরের এক মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষে পাঠরত। ওড়িশার মধ্যে যে কোনও মেডিক্যাল কলেজে স্থানান্তর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের জন্য বলেন 'নির্যাতিতা'। মোহন তাঁকে জানান, এ বিষয় নিয়ে ইতিমধ্যে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর উদ্দেশে মোহন বলেন, "আপনি যেহেতু একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী, তাই অন্য কলেজে স্থানান্তর কী ভাবে করা যায়, তা আমাকে খতিয়ে দেখতে হবে। আমি ইতিমধ্যে আধিকারিকদের এ বিষয়টি নিয়র আলোচনা করেছি।"
নির্যাতিতা'র সমস্তরকমের সমস্যার কথা ওড়িশার মহিলা কমিশনের প্রধানকে জানানোর জন্য মেয়েটিকে পরামর্শ দেন মোহন। তিনি বলেন, "আমাদের যে প্রতিনিধিরা দুর্গাপুরে আপনার দেখা করার জন্য গিয়াছেন, তাঁদের আপনি আপনার সমস্ত সমস্যার কথা বলুন।"
এই ঘটনায় পুলিশকে কঠিনতম পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বেসরকারি মেডিক্যাল কলেজগুলির উচিত পড়ুয়াদের, বিশেষ করে ছোট মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়া। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে।"
দুর্গাপুরকাণ্ডে 'নির্যাতিতার' এবং তাঁর পরিবারের সঙ্গে সব সময় সমস্তরকমের যোগাযোগ রাখা হচ্ছে। তাঁরা যদি চান তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থাও করা হবে। পুলিশ কমিশনার সুনীল চৌধুরী এটাও জানান, 'নির্যাতিতার' বাবার সঙ্গে তিনি নিজে দেখা করে কথা বলেছেনও সমস্তরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন।












Click it and Unblock the Notifications