শ্রমিক অসন্তোষে বন্ধ নর্থব্রুক জুটমিল, পুজোর আগে কর্মহীন ৫ হাজার শ্রমিক
এই মিলেই শ্রমিক অসন্তোষের জেরে পিটিয়ে খুন করা হয়েছিল ম্যানেজার হরেকৃষ্ণ মাহেশ্বরীকে। এরপর তিনমাস বন্ধ থাকার পর ফের ত্রিপাক্ষিক চুক্তিতে মিল খোলে। আবার বন্ধ সেই জুটমিল।
ফের শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল। ফলে পুজোর মুখে কাজ হারালেন পাঁচ হাজার শ্রমিক। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে ঝুলছে সাসপেনশন ওয়ার্কের নেটিশ। এই ঘটনায় মিল গেটের বাইরে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করে।
এই জুটমিলের সেলাই বিভাগে এক কর্মীকে ছাঁটাই করা নিয়ে অসন্তোষের সূত্রপাত। তারপর সোমবার নাইট শিফটে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তারই জেরে অনির্দিষ্টকালীন কর্মবিরতির নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। মিল শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ অন্যায়ভাবে একজন কর্মীকে কাজ থেকে বসিয়ে দিয়েছে। এই অনৈতিক কাজের বিরুদ্ধেই তাঁদের প্রতিবাদ। শ্রমিকদের বাড়তি কাজ করিয়ে নেওয়া হয়। অথচ অতিরিক্ত টাকা দেওয়া হয়না বলে অভিযোগ জানাতে থাকেন শ্রমিকরা। এরপরই কম উৎপাদনের অভিযোগে মিল বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মিলেই শ্রমিক অসন্তোষের জেরে পিটিয়ে খুন করা হয়েছিল ম্যানেজার হরেকৃষ্ণ মাহেশ্বরীকে। এরপর তিনমাস বন্ধ থাকার পর ফের ত্রিপাক্ষিক চুক্তিতে মিল খোলে। এদিন মিলে কর্মবিরতির নোটিশ ঝুলিয়ে দেওয়ার পরই সেই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবারও ফের ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান সূত্র বের করার চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications