যুবমোর্চার গ্রেফতারি ঘিরে ধুন্ধুমার খড়দহে! পুলিশের লাঠিচার্জে জখম ১০ বিজেপি কর্মী
যুব মোর্চা কর্মী বুলেট রায়কে গ্রেফতার করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল খড়দহ। ধৃতের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। যদিও বিজেপির বক্তব্য, বুলেটকে ষড়যন্ত্র করে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। বুধবার রাতে বুলেটের মুক্তির দাবিতে দফায় দফায় খড়দহ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।

দীর্ঘক্ষণ পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
বুধবার রাতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। এরপর বিজেপির এক প্রতিনিধি দল থানায় ঢোকে আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য। সেই সময় বাইরে থাকা বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তখনই খড়দহ থানার পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

১০ জন বিজেপি কর্মী জখম
পুলিশের লাঠির আঘাতে ১০ জন বিজেপি কর্মী জখম হন বলে অভিযোগ। জখম বিজেপি কর্মীদের বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক তথা দলের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।

কী কারণে এই ঘটনা ঘটে?
জানা গিয়েছে বুধবার সকালে বঙ্গধ্বনী যাত্রা প্রকল্পের একটি মিছিল ছিল। বিজেপির দাবি, বুলেট সেই মিছিলের ছবি তুলছিলেন। তা নিয়ে সেখানে বচসা হয়। পুলিশ বুলটকে গ্রেফতার করে। তৃণমূলের অভিযোগ, ওই বিজেপি কর্মী পিস্তল নিয়ে মিছিলে হামলা চালানোর ছক করেছি। তাই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications