তৃণমূল যতই জিতুক, বিজেপি কিন্তু বাড়ছে! মনোনয়নের পরিসংখ্যানই বলছে সেই কথা
মোটের উপর খুশিই বিজেপি। যতই আদালতে যাক, গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হোক বিজেপি, গেরুয়া শিবির এবার পঞ্চায়েতের পারফরম্যান্সে আশ্বস্তই।
মোটের উপর খুশিই বিজেপি। যতই আদালতে যাক, গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হোক বিজেপি, গেরুয়া শিবির এবার পঞ্চায়েতের পারফরম্যান্সে আশ্বস্তই। বঙ্গ বিজেপি নেতৃত্ব মনে করছে এবার পঞ্চায়েত নির্বাচন তাঁদের আগামী দিনের বিস্তারে অনেকাংশ সাহায্য করবে। অন্তত মনোনয়নের যে পরিসংখ্যান, তাতে আশাপ্রদই বিজেপি।

২০১৩ সালের তুলনায় এবার অন্ততত তিনগুণ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। ফলে রাজ্যের ভোট ইতিহাসে বিজেপির কাছে এটা রেকর্ড। বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর বিগত প্রায় চার দশকে এমন চিত্র দেখা যায়নি পশ্চিমবঙ্গে। এমনকী অটলবিহারী বাজপেয়ীর আমলেও বিজেপিকে এত শক্তিশালী দেখায়নি।
এবার কিন্তু বিজেপিকে সত্যিই তৃণমূলের প্রবল প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে। ২০১৬ সালের পর মাত্র দু-বছরে বিশাল শক্তি অর্জন করেছে বিজেপি। যার জেরে রাজ্যে ৩৫ হাজার ৮৭৯ আসলে প্রার্থী দিতে সক্ষম হয়েছে তারা। ২০১৩ সালে তারা মাত্র ১০ হাজার ৪৩০টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। সেই নিরিখে এবার প্রায় সাড়ে তিনগুণ আসনে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি।

২০১৩ সালের পঞ্চায়েত ভোটে বিজেপি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল ৮৭৫৯ আসনে। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে যথাক্রমে ১২৪১ ও ৪৩০ আসনে প্রার্থী দেয় বিজেপি। আর ২০১৮-তে বিজেপি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে ২৮ হাজার ৬৯৬ আসনে। পঞ্চায়েত সমিতিতে ৬২৫১ ও জেলা পরিষদে ৮৩২ আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।
আবার ২০০৮-এ বিজেপি গ্রাম পঞ্চায়েত স্তরে কম প্রার্থী দিলেও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে ২০১৩ সালের তুলনায় বেশি প্রার্থী দিয়েছিল। ২০০৮ সালে বিজেপির প্রার্থীপদে মনোনয়নের পরিসংখ্যান ছিল গ্রাম পঞ্চায়েত ৫২২৮, পঞ্চায়েত সমিতি ২১৪০ ও জেলা পরিষদ ৫৪৭।
বিগত দুই পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অগ্রগমনের ধারার তুলনা করলে, বিজেপি নেতৃত্বের উৎফুল্ল হওয়ারই কথা। সেই বিচারে ২০১৯ ও ২০২১ সালে বিজেপি যে প্রবলতর প্রতিপক্ষ হয়ে উঠবে তৃণমূলের তা বলার অপেক্ষা রাখে না।
এই পরিস্থিতি পঞ্চায়েতের দায়িত্বে থাকা বিজেপি নেতা মুকুল রায় বলেন, বিজেপির সংগঠন হু-হু করে বাড়ছে। তৃণমূল এখন ক্ষমতার দম্ভে তাদের দমিয়ে রাখতে চাইলেও, ভিতরে ভিতরে ফোঁপরা হয়ে যাচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচন গায়ের জোরে জিতে নিলেও আগামী সাধারণ নির্বাচনে হাড়ে হাড়ে টের পাবে কত ধান কত চাল। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসই প্রমাণ করে দিয়েছে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তৃণমূলের।












Click it and Unblock the Notifications