High Court: ঝালদা পুরসভায় আস্থা ভোট নয়, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে
ঝালদা পুরসভায় ফের আইনি জট। ৮ ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না ঝালদা পুরসভায়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে হবে। এমনই পরামর্শ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ফলে নতুন করে কোন দিকে পরিস্থিতি গড়ায়। তাই এখন দেখার বিষয়।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঝালদা পুরসভা নিয়ে মামলা চলছিল। গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন আস্থা ভোট করাতে হবে পুরুলিয়ার ওই পুরসভায়। ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদায় আস্থা ভোট করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। জেলাশাসকের উপস্থিতিতে ওই আস্থা ভোট করতে হবে।

১২ ডিসেম্বরের মধ্যে সেই আস্থা ভোটের রিপোর্ট আদালতে দিতে হবে। তার মধ্যে পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। এমনই নির্দেশ ছিল বিচারপতি অমৃতা সিনহার। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
সিঙ্গেল বেঞ্চের রায়কে বুধবার মান্যতা দেওয়া হয়নি। ডিভিশন বেঞ্চের মত, আদালত আস্থা ভোট করানোর নির্দেশ দিতে পারে না। পুরসভাই এই বিষয়ে সব সিদ্ধান্ত নেবে। পুরসভা মনে করলে আস্থা ভোট হবে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ পুরসভা ঠিক করবে। খারিজ হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার রায়।
ঝালদা পুরসভার চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়। তার অপসারণ চেয়েই জোড়া মামলা হয় কলকাতা হাইকোর্টে। পাঁচ জন তৃণমূল কাউন্সিলর ও দুই জন কংগ্রেস কাউন্সিলর পৃথকভাবে মামলা দায়ের করেছিলেন। এছাড়াও কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুও মামলা করেছিলেন। সেই মামলাই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উঠেছিল। আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
পুরসভা নির্বাচনের পর থেকেই আলোচনায় এই ঝালদা পুরসভা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এই পুরসভা নিয়ে সম্মুখসমরে। এবার কী হবে? সেই দিকেই লক্ষ্য রাখছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications