চিটফান্ড কাণ্ডে এখনও গঠিত হয়নি কোনও কমিটি, হাইকোর্টে চরম ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার
চিটফান্ডে টাকা রেখে প্রতারিতদের ক্ষতিপূরণ প্রদানের জন্য গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটির কার্যক্রমে রাজ্যের অসহযোগিতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।
দিনের পর দিন পরিকাঠামো উন্নয়ন, শূন্যপদ পূরণ এবং কর্মী নিয়োগের বিষয়ে বারবার রাজ্যের কাছে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা নিয়ে আদালত ক্ষোভ প্রকাশ করেছে।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, আগামী বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজির হয়ে সরকারের এই অসহযোগিতার ব্যাখ্যা দিতে হবে।
কী কী অভিযোগ তুলেছে হাইকোর্ট?
- কমিটির শূন্যপদ পূরণ করা হয়নি
- কর্মরত অফিসারদের অনেকের কাজের মেয়াদ শেষের পথে, কিন্তু তাদের মেয়াদ বাড়ানোর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি
- নতুন চেয়ারম্যানের সম্মানী অনুমোদন দেয়নি সরকার, যদিও তার পারিশ্রমিক দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল
- আগের চেয়ারম্যানের রেমুনারেশন বাবদ মোটা অঙ্কের টাকা এখনও বকেয়া
- পরিকাঠামো সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দায়িত্ব রাজ্যের, কিন্তু সরকার তার প্রতিশ্রুতি পালন করেনি
হাইকোর্ট এই প্রসঙ্গে স্পষ্টতই প্রশ্ন তুলেছে, যেখানে রাজ্যের আশ্বাস পেয়েই এই কমিটি গঠিত হয়েছিল, সেখানে কেন তা চালানোর জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে না?
হাইকোর্ট আগাম জানানো সত্ত্বেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে হাজির না হওয়ায় আরও অসন্তোষ প্রকাশ করেছে। সরকার আদালতে সময় চাওয়ায় বিচারপতির বেঞ্চ চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিবকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, যদি রাজ্যের দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হয়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। হাইকোর্টের এই কঠোর অবস্থানের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications