রামনবমীতে রিষড়া, ডালখোলা, শিবপুরে অশান্তি, ৬ টি FIR দায়ের NIA-র
রামনবমীর অশান্তির ঘটনার তদন্তে নেমেই তৎপর কেন্দ্রীয় এজেন্সি। রিষড়া, শিবপুর এবং ডালখোলার ঘটনার ৬টি এফআইআর দায়ের করল এনআইএ। আজই অর্থাৎ বৃহস্পতিবারই সেই এফআইএরের সব নথি জমা পড়বে এনআইএ আদালতে।
রাজ্য পুলিশের পক্ষ থেকে এফআইআর জমা নিয়ে ঘটনার সব নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে এই ঘটনায় ধৃতদেরও হেফাজতে চাইবে এনএইএ। কয়েকদিন আগে এই অশান্তির ঘটনার তদন্ত এনআইএ-র হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রামনবমীর দিনে তুমুল অশান্তির ঘটনা ঘটেছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। শিবপুরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র নিয়ে উস্কানির অভিযোগ ওঠে। তারপরেই তুমুল অশান্তি ছড়িয়েছিল শিবপুরে। একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। একাধিক দোকান ভাঙচুর থেকে শুরু করে পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছিল।
তারপরেই আবার ডালখোলাতেও অশান্তির ঘটনা ঘটে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। হুগলির রিষড়াতে অশান্তি চরম আকার নিয়েছিল। ট্রেনের উপরে হামলা থেকে শুরু করে পুলিশকে পর্যন্ত আক্রমণ করা হয়। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তারপরেই রিষড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা।

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনাইএ তদন্ত দাবি করেন। তাঁর দায়ের করা মামলাতেই তিনটি ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ-র হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন কোনও রাষ্ট্রবিরোধী শক্তি কাজ করছে এই অশান্তির ঘটনার নেপথ্যে।

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজ্যপাল সিভি আনন্দ বোস রিষড়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন। তিনি শান্তি স্থাপনের বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বিজেপি মিছিল থেকে উস্কানি দিয়ে অশান্তি ছড়িয়েছে। অস্ত্র নিয়ে শিবপুরে মিছিল করা হয়েছে বলে প্রমাণ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications