করোনা সারিয়ে রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি! ফের বসতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন
ফের বিশ্ববঙ্গ সম্মেলনে ( bengal global summit) আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী বছরের ২০ ও ২১ এপ্রিল এই দুদিন কলকাতায় এই সম্মেলনের আয়োজন করা হবে। এই উৎসবে হাজির থাকার ব্যাপারে রাজ্যপাল সম্মতি দিয়েছেন বলে জ
ফের বিশ্ববঙ্গ সম্মেলনে ( bengal global summit) আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী বছরের ২০ ও ২১ এপ্রিল এই দুদিন কলকাতায় এই সম্মেলনের আয়োজন করা হবে। এই উৎসবে হাজির থাকার ব্যাপারে রাজ্যপাল সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে বিশেষ পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এপ্রিলে বসছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আসর
এর আগে যতবারই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে, তা সাধারণভাবে হয়েছে জানুয়ারি মাসে। এবার তার আয়োজন করা হচ্ছে এপ্রিলে। ২০ ও ২১ এপ্রিল কলকাতায় এর আয়োজন করা হবে। এদিন এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষবার বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০১৯-এ
কলকাতায় শেষবার বাণিজ্য সম্মেলন হয়েছিল ২০১৯-এ। সেই বছর ধরে পরপর পাঁচ বছর এই সম্মেলনের আয়োজন করা হয়। নিউটাউনের কনভেনশন সেন্টারে ২০১৮-তে ৩০ টি দেশের প্রায় ৩০০ জন প্রতিনিধি হাজির হয়েছিলেন। ওই বছরে প্রায় ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছিল বলে দবি করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। ২০১৯-এ হাজির হয়েছিলেন ৩৪ টি দেশের প্রতিনিধিরা। তারপর ২০২০ এবং ২০২১-এ করোনা পরিস্থিতির কারণে এর আয়োজন করা যায়নি। এবার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

এবার আরও বড় আকারে শিল্প সম্মেলন
পরপর তিনবার রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তার লক্ষ্য শিল্প গড়া। সেদিকে খেয়াল রেখেই রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি বিদেশের শিল্পপতিদের কাছে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে অন্যবারের মতোই। পাশাপাশি উন্নয়নের নিরিখে দেশের অন্য রাজ্যগুলির তুলনায়ও যে রাজ্য এগিয়ে রয়েছে তাও তুলে ধরা হবে। সব থেকে বড় বিষয় হল স্থিতিশীল সরকার, এই বিষয়টিও বিদেশের অতিথিদের কাছে তুলে ধরা হবে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্য সরকার এবারের শিল্প সম্মেলনেকে অন্যবারের তুলনায় আরও বড় আকারে করতে চায়।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাড়া রাজ্যপালের
সোমবার ইকোপার্কে রাজ্য সরকারের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়ও। মুখ্যমন্ত্রী সেখানেই রাজ্যপালকে পরবর্তী বাণিজ্য সম্মেলন সম্পর্কে জানান। পাশাপাশি রাজ্যে পরিস্থিতি আন্তরার্জাতিক বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে রাজ্যপালকেও সামিল হতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তাতে মত দিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরতে বিদেশ সফর করবেন মুখ্যমন্ত্রী। সেখানে রোড-শোও করা হতে পারে। রাজ্যপালও যাতে রোড-শোতে হাজির থাকেন, সেব্যাপারে মুখ্যমন্ত্রী প্রস্তাব দিলে রাজ্যপাল তা গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications