রাজ্য পুলিশের অভিনব উদ্যোগ, অপরাধ রুখতে ও তদন্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ সেল
রাজ্যজুড়ে দিনের পর দিন নানা অপরাধ একেে পর এক বেড়েই চলেছে, আর তারই মাঝে পশ্চিমবঙ্গ পুলিশ এক অভিনব উদ্যোগ নিল। নানা অপরাধ ঠেকাতে ও তদন্তের কাজের দক্ষতা ও উন্নত প্রযুক্তির ব্যবহারকে আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। কলকাতায় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে একটি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই সেল গঠন করা হয়েছে। সম্প্রতি জারি করা এক সরকারি নির্দেশে জানানো হয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য হল পুলিশ প্রশাসনের কাজে স্বচ্ছতা ও কাজের গতি বাড়িয়ে পরিষেবা আরও উন্নতি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন গঠিত এই সেলটি মূলত নীতিনির্ধারণ, পরিকল্পনামাফিক ও নৈতিক মান বজায় রেখে বিভিন্ন পুলিশি কাজে এআই প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করবে। এর গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে রয়েছে রাজ্য পুলিশের নিজস্ব এআই নীতি ও বাস্তবায়ন কাঠামো তৈরি করে সময়মতো আপডেট করবে।

দপ্তরের কোন কাজ কোন সময়ে এআই প্রযুক্তির মাধ্যমে আরও দ্রুত, সঠিক ও দক্ষভাবে করা যাবে তা চিহ্নিতও করবে। বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয় রেখে পরীক্ষামূলক এআই প্রকল্প তৈরি ও উন্নত করে তা বাস্তবায়নের কাজে প্রয়োগ করবে।এছাড়া, প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে অফিসার ও কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করবে এই সেল। নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে জ্ঞান আদান প্রদান বাড়াতে বিশ্ববিদ্যালয়, শিল্প প্রতিষ্ঠান, স্টার্ট আপ ও সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতাও করা হবে।
ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সেলটি সরকারের সাইবার সুরক্ষা নীতিমালা মেনে তথ্য ব্যবস্থাপনা ও ডেটা সুরক্ষার বিশেষ নির্দেশিকা তৈরি করবে।
সূত্রের তথ্য অনুযায়ী, সেলটির নেতৃত্বে থাকবেন একজন এডিজি পদমর্যাদার আধিকারিক, আর সদস্য সচিব হিসেবে দায়িত্বে থাকবেন আইজি অথবা ডিআইজি ও এসপি পদের আধিকারিক। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ দুইজন বিশেষজ্ঞও থাকবেন। প্রয়োজনে বাইরের বিশেষজ্ঞ ও পরামর্শকও যুক্ত হতে পারবেন।
সেলটি ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করবে। প্রতি পাক্ষিকে অন্তত একবার সেলের বৈঠক বসবে ও ছয় মাস অন্তর অগ্রগতির রিপোর্ট জমা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল যুগে এই উদ্যোগ অত্যন্ত যুুগপযোগী। দায়িত্বশীল ও দক্ষ এআই ব্যবহারের মাধ্যমে শুধু দ্রুত অপরাধ দমন নয়, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও জননিরাপত্তা ব্যবস্থার উন্নত করতেও বড় ভূমিকা রাখবে এই সেল বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications