চালু হচ্ছে মেট্রো পরিষেবা, ৩০ জুলাই পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি থাকছে রাজ্যে
ফের বাড়ল বিধি নিষেধের মেয়াদ। ১৫ জুলাই পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি ছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এই বিধি নিষেধের মেয়াদ। এছাড়াও মেট্রো পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে।
রাজ্যে ধীরে ধীরে অনেকটাই কমেছে সংক্রমণ। কিন্তু এরপরেও রিস্ক নিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অবস্থায় ফের বাড়ল বিধি নিষেধের মেয়াদ। তৃতীয় পর্যায়ে ১৫ জুলাই পর্যন্ত কড়া বিধি নিষেধ জারি ছিল রাজ্যে। কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এই বিধি নিষেধের মেয়াদ।
চতুর্থ পর্যায়ের বিধি নিষেধে ফের একগুচ্ছ ছাড় দেওয়া হয়েছে। তবে আগামী ৩০ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন রাজ্যে বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে স্পেশাল ট্রেন যেমন চলছে তেমনটাই চলবে।

শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
লোকাল ট্রেনে ছাড় দেওয়া না হলেও মেট্রো পরিষেবাতে ছাড় দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এই পরিষেবা। সপ্তাহে পাঁচদিন চলবে মেট্রো। শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা। তবে প্রত্যেকদিন মেট্রো স্যানিটাইজের কথা বলা হয়েছে।

বন্ধ থাকছে সমস্ত স্কুল
এখনই রাজ্যে খুলছে না কোনও স্কুল-কলেজ। বিশ্ববিদ্যালয়গুলিও আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে। এরপর ফের সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে।

সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে
৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে। এমনটাই নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও ফেরি, ট্রাম, ট্যাক্সি, ক্যাব ও অটো চলবে। এক্ষেত্রেও যাত্রী সংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না। তবে এক্ষেত্রে অবশ্যই চালক এবং যাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে গণপরিবহণে উঠতে দেওয়া হবে না। প্রত্যেকদিন স্যানিটাইজ করতে হবে বাস, ট্যাক্সি সহ সমস্ত পরিবহণকে। দ্রুত চালকের ভ্যাকসিন দেওয়াতে হবে বলেও জানানো হয়েছে।

বিয়ে বাড়িতে ৫০ শতাংশ
বিয়ে বাড়িতে ৫০ শতাংশ উপস্থিতি। এছাড়াও শ্রাদ্ধ বাড়িতে ২০ জনের বেশি আমন্ত্রণ জানানো যাবে না। অন্যদিকে সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে চালাতে হবে অফিস।

রিটেল দোকান-শপিং মল
দোকান খোলার ক্ষেত্রে যে নিয়ম এবং সময় চূড়ান্ত করে দেওয়া হয়েছে কড়া ভাবে মানতে হবে। এছাড়াও শপিং মল খোলা থাকবে রাত ৮ টা পর্যন্ত। মাত্র ৫০ শতাংশ লোককেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে। এর বেশি দেওয়া যাবে না। রেস্টুরেন্ট, বার যে গুলি শপিং মল, কিংবা কোনও ক্লাবের ভিতরে রয়েছে সেগুলি ৫০ শতাংশ লোক নিয়ে খোলা যাবে। তবে এক্ষেত্রেও দোকাল খোলা রাখতে হবে সন্ধ্যা ৮টা পর্যন্ত।

রাত ৯টার পর যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে
রাত ৯টার পর যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। তবে নবান্নের তরফে কার্ফু বলা হচ্ছে না। তবে সংক্রমণ রুখতে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কড়া ভাবে বিধি নিষেধ জারি থাকবে। যান চলাচল এই সময়ে নিয়ন্ত্রন করা হবে।












Click it and Unblock the Notifications