চিকিৎসায় গাফিলতির অভিযোগে শিশু মৃত্যু সল্টলেকের নার্সিংহোমে
আবারও চিকিৎসার গাফিলতির জেরে শিশু মৃত্যু ও প্রসূতিকে আটকে রাখার অভিযোগ উঠল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
আবারও চিকিৎসার গাফিলতির জেরে শিশু মৃত্যু ও প্রসূতিকে আটকে রাখার অভিযোগ উঠল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ, সদ্যোজাতের চিকিৎসায় গাফিলতি হয়েছে। পাশাপাশি বিল মিটিয়ে দিতে চাইলেও প্রসূতিকে আটকে রাখা হয়। এই মর্মে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ জানানো হলে সংবাদমাধ্যমের মধ্যস্থতায় তড়িঘড়ি রোগীকে ছেড়ে দেওয়া হয়।

রোগীর পরিবার জানিয়েছে, ২ এপ্রিল প্রসূতিকে বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সবকিছু ঠিক থাকলেও বুধবার জানানো হয়, গর্ভস্থ শিশুর নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। ফলে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয়, সময়ের আগেই সন্তান প্রসব করাতে হবে।
জানা গিয়েছে, জন্মের পর থেকেই সদ্যোজাতের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এদিন সকালে মৃত্যু হয় সদ্যোজাতের। অভিযোগ, রোগীর পরিবার চেক মারফত বিল মিটিয়ে দিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ নগদে সম্পূর্ণ টাকা দিতে বলে। এই নিয়ে দুই পক্ষের বচসা চরমে ওঠে। প্রসূতি মায়ের শারীরিক অবস্থা অবনতি হলেও সম্পূর্ণ বিল মিটিয়ে দেওয়ার দাবি করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর এদিন বিকেলে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পরে সংবাদমাধ্যম এবং পুলিশের হস্তক্ষেপে রোগীকে ছাড়তে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications