এবার মমতার পাশে 'আসল' চাণক্য! অমিত শাহকে টেক্কা দিতে বঙ্গ সফরে স্ট্রংম্যান
ইতিমধ্যেই ফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এবার প্রয়োজনে তিনি কলকাতায় যেতে পারেন বলে জানালেন নবাব মালিক। বলেন, কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করতে চাইছে।

আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর রাজ্যের তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ জারি করে কেন্দ্রীয় সরকার। রাজ্যের আপত্তি সত্ত্বেও তাতে গুরুত্ব দিতে চায়নি তারা। এরপর আইপিএস অফিসারদের বদলি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার তোপ
টুইটারে তিনি লিখেছিলেন, 'পুলিশ আধিকারিকদের বদলি করে রাজ্যের এক্তিয়ারে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে কেন্দ্র।' এই ইস্যুতে এর আগে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ছত্তিশগড়, পঞ্জাব, রাজস্থানের মুখ্যমন্ত্রীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। আর এবার তাঁর পাশে দাঁড়াল এনসিপি।

বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করছে
নবাব মালিক বলেন, 'বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে যেভাবে পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে সেটা খুবই খারাপ। রাজ্য সরকারের অনুমতি ছাড়াই আইপিএস অফিসারদের সরানো হয়েছে। এটা খুবই ভয়ের বিষয়। এবিষয় নিয়ে শরদ পাওয়ারজির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। একাধিক দলের সঙ্গেও এনিয়ে কথা বলা হবে। সব দলকে নিয়ে দিল্লিতে একটি বৈঠক করা হবে।'

জনগণের দ্বারা নির্বাচিত মমতা সরকার
তিনি আরও বলেন, 'জনগণের দ্বারা নির্বাচিত হয়েই পশ্চিমবঙ্গে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, কেন্দ্রীয় সরকার নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সেই সরকারের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এমনকী সেখানকার প্রশাসনের উপরও চাপ তৈরি করা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ অগণতান্ত্রিক।

বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার চেষ্টা
নবাব আরও বলেন, 'এই বিষয়ে ফোনে শরদ পাওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার চেষ্টা করছেন শরদজি। সব দলকে নিয়ে দিল্লিতে একটি বৈঠক করবেন তিনি। এমনকী, প্রয়োজন হলে মমতার সঙ্গে দেখা করার জন্য কলকাতাতেও যেতে পারেন।'












Click it and Unblock the Notifications