Naxalbari: নকশালবাড়িতে লরি ও মহাকুম্ভগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত ১; আহত বহু পুণ্যার্থী
Naxalbari: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরবঙ্গে। মহাকুম্ভে (Maha Kumbh Mela 2025) যাওয়ার পথে নকশালবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident)। লরি ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুণ্যার্থীর (Pilgrim Dead)। অসম থেকে আসছিলেন ১৩ জন পুণ্যার্থীর একটি দল। বাকি ১২ জন গুরুতরভাবে আহত (Critically Injured) হয়েছেন।
সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ২-এর সাতভাইয়া মোড় সংলগ্ন এলাকায়। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পুণ্যার্থীবোঝাই পিকআপ ভ্যানের। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, সম্পূর্ণ দুমরে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। সংঘর্ষের জেরে পিকআপ ভ্যানেই আটকে পড়েন চালক। পরে নকশালবাড়ি থানার পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন।

নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত ১১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। চারজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। মৃতের নাম নিরঞ্জন সরকার। তিনি অসমেরই বাসিন্দা বলে জানা গিয়েছে। অসমের কামরূপের মায়েন থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি।
অসমের দিক থেকে খড়িবাড়ির পানিট্যাঙ্কির দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। শিলিগুড়ির দিক থেকে আসছিল লরিটি। প্রদীপ ক্ষত্রীয় নামে এক পুণ্যার্থী জানান, প্রয়াগরাজে কুম্ভমেলা হয়ে অযোধ্যায় রামমন্দির ঘুরে আসার কথা ছিল। নকশালবাড়ি আসতেই কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে। লরির মুখোমুখি চলে আসে পিকআপ ভ্যানটি। ওই পুণ্যার্থী তেমন চোট না পেলেও বাকি সকলে গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক লরি চালক। দুর্ঘটনাগ্রস্ত লরি ও পিকআপ ভ্যানটিকে উদ্ধার করে তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। উত্তরবঙ্গ মেডিক্যালে দুর্ঘটনাগ্রস্তদের তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়িই। দুর্ঘটনার জেরে সাময়িক যানজটেরও সৃষ্টি হয় এশিয়ান হাইওয়েতে।












Click it and Unblock the Notifications