ফের রাজ্যকে 'চিঠি' কেন্দ্রের, 'কৃষক স্বার্থ' অস্ত্রেই মমতার অহং ভাঙতে মরিয়া বিজেপি
প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা বাংলার কৃষকদের পেতে দেওয়া হচ্ছে না। শুক্রবার সরাসরি এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কৃষকদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়াল কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেই কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে।

ফের রাজ্যকে চিঠি
এই আবহেই ফের রাজ্যকে চিঠি পাঠানোর কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিন তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ ছাড়া দেশের বাকি সব রাজ্যে চালু রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ৯৬ হাজার কোটি টাকা কৃষকদের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে যদি এই প্রকল্প চালু থাকত, তাহলে সেরাজ্যের ৭০ লক্ষ কৃষকও উপকৃত হত। আমি ফের সেরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছি এই প্রকল্পে যোগ দেওয়ার আবেদন জানিয়ে।'

জনগণ যোগ্য জবাব দেবে
এদিন কেন্দ্রীয় কৃষমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আরও বলেন, 'যাঁরা এখনও কৃষকদের সহানুভূতি দেখানোর নেপথ্যে তাঁদের ভুল বোঝাচ্ছে, সেই রাজনৈতিক নেতাদের জনগণ যোগ্য জবাব দেবে। ভবিষ্যতে সেই সব দল ব্যালট বাক্সেই এই মিথ্যাচারের জবাব পাবে। আমি এখন ফের বিক্ষোভরত কৃষকদের কাছে আবেদন জানাচ্ছি আলোচনায় বসার জন্য।'

কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালুর আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দেওয়ার বিষয়ে তিনদিন আগেই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন যে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমারকে চিঠি লিখেছেন টাকা মঞ্জুর করার জন্য। এই প্রসঙ্গে তিনি যে সেপ্টেম্বর মাসেও চিঠি লিখেছিলেন সেই কথাও উল্লেখ করা আছে।

তোমারকে চিঠি লিখেছিলেন মমতা
মমতা তোমারকে লেখা চিঠি পেশ করে মমতা বুঝিয়ে দেন, কোনও ভাবেই কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রের বিজেপিকে রাজনৈতিক ফায়দা তুলতে দেবেন না তিনি। তাই বারংবার রাজ্যের মাধ্যমে টাকা পাঠানোর আর্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কোভিড থেকে আমফান সব কাজ করবে রাজ্য, অন্যদিকে ক্রেডিট নিতে চাইবে কেন্দ্র। মমতার এই দাবির এক সপ্তাহ যেতে না যেতেই ফের রাজ্যকে চিঠি লেখা নিয়ে মুখ খুললেন তোমর।












Click it and Unblock the Notifications