Parliament: নরেন্দ্র মোদী বক্তব্য রাখুন, অমিত শাহ দায় নিন, সংসদ হামলায় জোরালো দাবি তৃণমূলের
সংসদে হামলার ঘটনায় আরও চাপ বাড়াচ্ছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠেছে। ইন্ডিয়া জোটের অন্যান্য সঙ্গীরাও সংসদের ভিতরে বাইরে প্রবল বিরোধিতায় রয়েছে। অবিলম্বে এই ঘটনার দায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিতে হবে। এই দাবি তুলছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার সকালেও কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সংসদে দ্বিতীয়বার এমন অতর্কিত হামলার ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করলেন তিনি।

সংসদ ভবন সুরক্ষিত নয়। এই দাবি করেছেন তিনি। নিরাপত্তার বড় ফাঁক রয়েছে কেন? এত সংখ্যক নিরাপত্তা রক্ষী কম ছিল কেন সংসদ ভবনে? সেই প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব।
অমিত শাহ কোনও কথা বলছেন না। এদিকে তিনি সংসদ ভবনেই রয়েছেন। কেন তিনি মুখ খুলছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দায় রয়েছে এই ঘটনার। এই দাবি তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে রয়েছেন। তিনিও এই ঘটনা নিয়ে কোনও রকম বক্তব্য রাখছেন না। প্রধানমন্ত্রী সংসদ ভবনে এসে বক্তব্য রাখুক। এই দাবি তোলা হচ্ছে।
বিজেপি সাংসদের পাশ নিয়ে ওই যুবকরা সংসদ ভবনে ঢুকেছিলেন। অবিলম্বে ওই বিজেপি সাংসদকে বহিষ্কার করা হোক। এই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝা কলকাতার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়ের ছবি রয়েছে।
সেই ছবি দেখিয়ে রাজ্য বিজেপি প্রচারে নেমে পড়েছে। তাই নিয়েও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সরব হয়েছেন। এই নজর ঘোরানোর চেষ্টা চালানো হচ্ছে। বিজেপি বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার তুলছে। ইন্ডিয়া জোটের রাজনৈতিক সঙ্গীরা সংসদে হামলার ঘটনার তীব্র বিরোধিতা করছেন। সেই বিরোধীদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পূর্ণভাবেই বিজেপি আসল ঘটনাকে চাপা দিতে চাইছে। মূল ঘটনা থেকে চোখ ঘোরানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনই অভিযোগ রাজ্য তৃণমূল কংগ্রেসের।












Click it and Unblock the Notifications