মারণ করোনা রুখতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের, খরচ স্বাস্থ্যখাতে
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবং মোকাবিলা করতে অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণেই তিনি ঘোষণা করেন করোনা ভাইরাসে চিকিৎসার জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবং মোকাবিলা করতে অর্থ বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণেই তিনি ঘোষণা করেন করোনা ভাইরাসে চিকিৎসার জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই টাকা খরচ করবে স্বাস্থ্যখাতে।

আইসোলেশন ওয়ার্ড তৈরি হবে
তিনি জানান, ওই টাকায় আইসোলেশন ওয়ার্ড তৈরি হবে। ভেন্টিলেটরের সংখ্যা দ্রুত বাড়ানো হবে। কিট কেনা হবে। মেডিক্যাল ও প্যারামেডিকেলস ট্রেনিংয়ের কাজও হবে। তবে কোনও রাজ্যের জন্য কোনও অর্থের প্যাকের ঘোষণা করা হয়নি এদিন। রাজ্যগুলিও আলাদা করে লড়াই চালাচ্ছে এই মারণ করোনাকে রুখতে।

২১ দিনের জন্য লকডাউন ঘোষণা
এদিকে ২০২০-র মারণ করোনা সংক্রমণ রুখতে মঙ্গলবার রাত ১২টা থেকে সারাদেশ ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ২১ দিন না মানলে ২১ বছর পিছিয়ে যাবে দেশ। তাই ২১ দিনকে মান্যতা দিন। সামনের ২১ দিন ঘরে থাকুন। কেউ বাইরে বেরোবেন না। তাহলেই মারণ করোনাকে আমরা হারিয়ে দিতে পারব।

২১ দিন ঘর থেকে বেরোবেন না, আর্জি মোদীর
মোদী অভয় দেন, এই ২১ দিন ঘর থেকে বেরোবেন না। ২১ দিন লকডাউন থাকাকালীন জরুরি পরিষেবা মিলবে। অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হবে। তাই কোনওভাবেই দায়িত্বজ্ঞনহীন হবেন না। দায়িত্বজ্ঞানহীন হলে বড় মূল্য দিতে হবে। কিছু লোকের অবহেলার কারণে আগামী দিনে আমাদের প্রত্যেককেই বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। এবং তা কতটা ভয়াবহ তার আন্দাজ কেউ করতে পারবেন না।

করোনায় সংক্রমণ চক্রকে ভাঙার আর্জি
তিনি আরও বলেন, জনতা কার্ফুর সাফল্যের জন্য ধন্যবাদ। করোনা রুখতে ঘরে থাকাই একমাত্র উপায়। করোনায় শক্তিশালী দেশও কাবু হয়ে গিয়েছে। করোনায় সংক্রমণ চক্রকে ভাঙতে হবে। দেশকে বাঁচাতে হবে। বহু রাজ্য লকডাউন করে দিয়েছে। রাজ্য সরকারের এই প্রয়াসকেও সাধুবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications