বজবজে জোড়া খুন, নাম জড়াল তৃণমূল নেতার
বজবজে জোড়ো খুনে নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতার। ঘটনাটি শুক্রবার রাতের। বাড়িতে ফেরার সময় স্থানীয় ব্যবসায়ী মহাদেব পুরকায়স্থ ও তাঁর সঙ্গীকে মারধর করে ধারাল অস্ত্রের কোপ মারা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হলে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ পাঁচজনকে এই ঘটনায় গ্রেফতার করলেও সেই তালিকায় নেই তৃণমূল নেতা।
শুক্রবার রাতে সঙ্গী গণেশ নস্করকে নিয়ে বাড়ি ফিরছিলেন এলাকায় প্রাক্তন জমি-বাড়ির দালালি করা মহাদেশ পুরকায়স্থ। সেই সময় তাঁদের ওপরে হামলা করে তৃণমূল নেতা ও তার দলবল। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকার পরে স্থানীয়রা দুজনকে নিয়ে যান খড়িবেরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তাঁদেরকে মৃত বলে ঘোষণা করা হয়।

খবর পাওয়ার পরেই পরিবারের তরফ থেকে বজবজ থানায় বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি সেখানে অভিযোগও দায়ের করা হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, একটা সময় জমি-বাড়ির দালালি করলেও, বর্তমানে মহাদেব পুরকায়স্থ অন্য কাজ করতেন। কিন্তু তাঁর একসময়ের ব্যবসায়ী সঙ্গী তৃণমূল নেতা অসীম বৈদ্য হুমকি দিতেন বলে অভিযোগ।
মহাদেব পুরকায়স্থের পরিবারের দাবি গত একবছরের বেশি সময় ধরে অসীম বৈদ্যের সঙ্গে ব্যবসায়িক কোনও সম্পর্ক ছিল না। অন্যদিকে পরিবারের তরফে জানানো হয়েছে, রাতে দেহ তাঁদেরকে দেখতে দেওয়া হয়নি। যা নিয়ে থানায় বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। কিন্তু সেই তালিকায় তৃণমূল নেতা অসীম বৈদ্য নেই। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে অসীম বৈদ্য পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। খুনের ঘটনার সম্ভাব্য দিকগুলিও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications