ভিড় এড়িয়ে চলুন, সংক্রমণ এড়াতে মাস্ক পরুন! করোনা বাড়তেই নির্দেশিকা নবান্নের
Bengal CoronaUpdate: ফের একবার করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। দিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে কার্যত প্রত্যেকদিনই বাড়ছে সংক্রমণের হার। এই অবস্থায় এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আর সেই বিষয়টিকে মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। আর সেদিকে তাকিয়েই মাস্ক সহ একাধিক বিষয়ে সতর্ক করে নির্দেশিকা জারি করল নবান্ন। গত কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে করোনা নতুন করে বৃদ্ধি হওয়া নিয়ে আলোচনা হয়।

এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্তত দেশের কয়েকটি রাজ্যে যেভাবে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয় বলে খবর। আর এরপরেই এই বিষয়ে এহেন নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নবান্নের তরফে সতর্কতা হিসাবে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে সাধারণ মানুষকে সতর্ক করে মাস্ক পড়ার কথা বলা হয়েছে। এমনকি ভিড় এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে নবান্নের তরফে জারি করা সতর্কতায়।
বিশেষ করে শিশু, অন্তঃসত্ত্বা, বয়স্ক এবং কো-মর্বিডদের এই বিষয়ে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজারের ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোঁয়ার কথাও বলা হয়েছে ওই বার্তায়। অন্যদিকে এখনও বহু মানুষ করোনার বুস্টার ডোজ নেননি। এই বিষয়ে কেন্দ্রের তরফেও বার্তা দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও বহু মানুষ উদাসীন।
আর সেদিকে তাকিয়ে কোভিডের প্রিকশন ডোজ় নেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের তরফে জারি করা বার্তাতে। পাশাপাশি জ্বর, গলা ব্যাথা, সর্দি বা কাশির উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষার কথাও বলা হয়েছে। কিন্তু এরপরেও কি সাধারণ মানুষ মাস্ক কিংবা ভিড় এড়িয়ে চলবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

এই মুহূর্তে রাজ্যের করোনা আক্রান্ত ৬০০ এর কাছাকাছি। সম্প্রতি একজনের মৃত্যুও হয়েছে। এই অবস্থায় যদিও গত কয়েকদিন আগেই বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। রাজ্যের গোট অবস্থা নিয়ে আলোচনা হয়। আর তাতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
তবে গোটা দেশের সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রক। গত কয়েকদিনে একাধিক বৈঠক করেছেন তাঁরা। এমনকি রাজ্যগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত বৈঠক করেছেন। যেখানে একাধিক নির্দেশ তিনি নিয়েছেন।












Click it and Unblock the Notifications