কাবুলে কোনও বাঙালি কি আটকে রয়েছেন, জেলাশাসকদের কড়া নির্দেশ নবান্নের
আফগানিস্তানের রাজধানী কাবুলে কোনও বাঙালি আটকে রয়েছেন কি না তার খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। আফগানিস্তানের কোন প্রদেশে কোথায় কীভাবে আটকে আছে বাংলার মানুষ, সে ব্যাপারে কোনও তথ্য নেই নবান্নের কাছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে কোনও বাঙালি আটকে রয়েছেন কি না তার খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। আফগানিস্তানের কোন প্রদেশে কোথায় কীভাবে আটকে আছে বাংলার মানুষ, সে ব্যাপারে কোনও তথ্য নেই নবান্নের কাছে। তাই অবিলম্বে আফগনিস্তানের কোনও প্রদেশে কেউ আটকে রয়েছে কি না খোঁজ নিতে জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন।

নবান্নের তরফে বলা হয়েছে, কোনও বাঙালি বা বাংলার কোনও মানুষ যদি আফগানিস্তানের কোনও প্রদেশে আটকে পড়েন, তবে কোথায় কীভাবে আটকে আছেন, তার যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে এবং যাতে তাঁকে উদ্ধার করা যায়, তার জন্য ব্যবস্থা নিতে হবে। বাংলার প্রতিটি জেলার জেলাশাসককে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে।
নবান্ন জানিয়েছে, কেউ যদি আটকে পড়ে, তবে তাদের নাম, ফোন নম্বর, কারেন্ট লোকেশন জানাতে হবে। সেই মতো তাদের উদ্ধারের চেষ্টা করা হবে। সরকারের তরফে সমস্তরকম ব্যবস্থা করা হবে আটকে পড়া মানুষজনকে ফেরানোর জন্য। উল্লেখ্য, তালিবান আতঙ্কে আফগানিস্তান থেকে দেশে ফেরার চেষ্টা করছেন ভারতীয়রা।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠিয়েছে আফগানিস্তানে আটকে পড়াদের উদ্ধার করে আনতে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আফগানিস্তান সেল চালু করা হয়েছে। আফগানিস্তানের যে কোনও প্রদেশে থেকে যদি ভারতীয়রা দেশে ফেরার চেষ্টা করেন, তবে ওই স্পেশাল সেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ জন্য ফাস্ট ট্র্যাক ই-এমার্জেন্সি ভিসা ও হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে।
আফগানিস্তানে বাংলার কেউ আটকে রয়েছে কি না, সেই খবর ওই আফগানিস্তান সেলেও এখনও আসেনি। নবান্ন তাই প্রতি জেলাশাসককে নির্দেশ পাঠিয়েছে। যদি এ রাজ্যের কোনও বাসিন্দার আটকে থাকার খবর তারা পায়, তবে তা যেন দ্রুত নবান্নে পাঠানো হয়। কেননা আত্মীয়-পরিবার-পরিজনরা সবাই চিন্তায় থাকবেন আটকে পড়া মানুষটার জন্য।
এর মধ্যে নবান্ন একটা স্বস্তির খবর প্রাথমিকভাবে দিয়েছে যে, রাজ্যের কেউ আটকে নেই আফগানিস্তানে। এমন কোনও খবর মেলেনি নবান্নের কাছে। নবান্নের এই খবর উড়িয়ে বিজেপি দাবি করে দার্জিলিংয়ের কিছু নাগরিক কাবুলে আটকে রয়েছে। তবে দার্জিলিং জেলা প্রশাসন এখনও ওই খবরের সত্যতা স্বীকার করেনি। জেলা প্রশাসনের তরফে এসডিও-বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কারও আটকে থাকার খবর পেলে তৎক্ষণাৎ দেওয়া হয়। আপাতত সরকারি তরফে কোনও আটকে থাকার খবর নেই।












Click it and Unblock the Notifications