নোটবাতিলে অবৈধ লেনদেনের জেরে ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা
ফেসবুক অ্যকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে— টাকা বদলের সময় তাঁকে অবৈধ লেনদেনে বাধ্য করা হয়। আর এই কাজ করতে তাঁকে বাধ্য করেন দুই স্থানীয় ব্যবসায়ী।
উলুবেড়িয়া, ১১ ফেব্রুয়ারি : ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া ও ফুলেশ্বর স্টেশনের মাঝে লতিবপুরের সামনে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় ওই ব্যাঙ্ককর্মীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যাঙ্ক কর্মীরা নাম রজত চৌধুরী। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ছিলেন। মৃত্যুর আগে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
ফেসবুক অ্যকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে- টাকা বদলের সময় তাঁকে অবৈধ লেনদেনে বাধ্য করা হয়। আর এই কাজ করতে তাঁকে বাধ্য করেন দুই স্থানীয় ব্যবসায়ী। ব্যাঙ্কের অনেক কর্মী-অফিসারও তাঁর উপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রজতের পরিবারের। সোমনাথ ঘোষ ও অমিত নায়েক নামে দু'জনের বিরুদ্ধে অভিযোগের তির ছোড়া হয়েছে। পুলিস খতিয়ে দেখছে এদের পরিচয়। ফেসবুকে আদৌ রজত চৌধুরীই এই পোস্টটি করেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার সকালে রজত চৌধুরীর দেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার করে উলুবেড়িয়া জিআরপি। বানিবন বাজারের সামনে বাড়ি এই রজত চৌধুরীর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বানিতবলা শাখায় তিনি কর্মরত ছিলেন। এদিন লতিবপুরে রেল লাইনের ধার থেকে তার দেহ উদ্ধার হলেও, তার বাইকটি উদ্ধার হয় বাঙ্ক চত্বর থেকে। দুই স্থানের দূরত্ব অন্তত দুই কিলোমিটার। বাইক ব্যাঙ্ক রেখে ওই ব্যাঙ্ক কর্মী কীভাবে অতদূরে গিয়ে আত্মহত্যা করলেন তা নিয়েও তৈরি হয়েছে ধন্দ।
পাশাপাশি তিনি যদি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যাই করেন, তবে ট্রেনের চালক তা দেখতে পেয়ে পরবর্তী স্টেশনে রিপোর্ট করতেন। কিন্তু জিআরপি জানাচ্ছে, এমন কোনও রিপোর্ট হয়নি পরবর্তী স্টেশনে। এদিকে রজত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি ব্যাঙ্কে অবৈধ লেনদেনে জড়িত। আরবিআই তদন্তে এলে ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়।
রজতের পরিবারের অভিযোগ, ওই ঘটনার পর থেকে তিনি অবসাদে ভুগছিলেন। ব্যাঙ্কের কর্মীরা, এমনকী ম্যানেজারও তাঁকে এই কাজে বাধ্য করেছিলেন বলেন অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের অভিযোগ, রজত আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে।












Click it and Unblock the Notifications