Murshidabad: মুর্শিদাবাদ-সহ ৩ জেলায় বন্ধ ইন্টারনেট, অশান্তি রুখতে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল আলোচনা
CV Ananda Bose: ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব মুর্শিদাবাদে। জেলার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়মিত কথা রাজ্যপালের। রবিবার সন্ধেয় মুর্শিদাবাদ নিয়ে এক ভিডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই জানালেন সে কথা। পাশাপাশি, মুর্শিদাবাদের পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকারও নজরদারি রাখছে বলে জানান তিনি। বার্তা শেষে "সংঘর্ষ, হিংসা চলবে না" বলে বাংলায় স্লোগানও দিতে শোনা গেল রাজ্যপালকে।
ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, "পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। রাজ্য পুলিশও সক্রিয় রয়েছে। বাহিনীকে সময় মতো সবরকম সাহায্য করছে তারা। দুর্বৃত্তদের গ্রেফতার করা হচ্ছে। এধরনের হিংসার বিরুদ্ধে অনমনীয় মনোভাব কোনওভাবেই চলবে না। আইন হাতে নেওয়ার অধিকার কাউকে দেওয়া হবে না।" মুর্শিদাবাদ-সহ রাজ্যের যে সমস্ত জায়গায় হিংসার আগুন ছড়িয়েছে, তার উপর রাজভবন নজরদারি রাখছে বলেও এদিন জানিয়ে দেন সিভি আনন্দ বোস।

মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দফায় দফায় আলোচনাও হয়েছে বলে জানান রাজ্যপাল। বিএসএফ, রাজ্য পুলিশ ও অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকে কেন্দ্রও মুর্শিদাবাদ নিয়ে খবর রাখছে বলে জানান রাজ্যপাল। তিনি বলেন, বিএসএফের ৯ কোম্পানি মোতায়েন করা হয়েছে। সিআরপিএফ ও ব়্যাফও প্রস্তুত করা হয়েছে। ভিডিয়ো বার্তার শেষে বাংলায় স্লোগান দিতেও দেখা যায় রাজ্যপালকে। তিনি বলেন, "সংঘর্ষ, হিংসা হবে না, হবে না। চলবে না, চলবে না।"
রবিবার সন্ধে থেকে মুর্শিদাবাদের আরও কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি মালদহ ও বীরভূমের কয়েকটি জায়গায়ও মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। রবিবার বিকেলের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি প্রশাসনের। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে দফায় দফায় চলছে বিএসএফ ও পুলিশি টহলদারি।
মোট ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে মুর্শিদাবাদে। এখনও পর্যন্ত প্রায় ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি করণি সিং শেখাওয়াত জানান, পুলিশ
যতদিন চাইবে, ততদিনই বাহিনী মোতায়েন থাকবে এলাকায়। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি পিআরও নীলোৎপল কুমার পাণ্ডে বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন করে বিএসএফের উপর আর আক্রমণ হয়নি।
তবে সোমবারও থমথমে রয়েছে সামশেরগঞ্জ, ধুলিয়ান। এদিন এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications