পিটিয়ে খুন নাকি আত্মহত্যা? ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের রহস্যমৃত্যু, দেহ ফিরতেই বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ
ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুকে কেন্দ্র করেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙা। মৃত ওই যুবকের দেহ আজ গ্রামে পৌঁছনোর পর পরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দোষীদের তাড়াতাড়ি গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেই সঙ্গে বেলডাঙা স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে।

মৃত ওই শ্রমিকের নাম আলাই শেখ। বয়স ৩০। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ঝাড়খণ্ডে তিনি ফেরিওয়ালার কাজ করতেন। গতকাল সকালে তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছয়। তাঁর পরিবার দাবি করেছে যে, আলাইকে মারধর করে খুন করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁদের আরও অভিযোগ যে, মুর্শিদাবাদের বাসিন্দা হওয়ার কারণেই এই পরিণতি।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, গত বুধবার দুপুরে শেষবার বাড়িতে ফোন করেছিলেন ওই যুবক। মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি আতঙ্কের কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, পরিস্থিতি ঠিক নেই, সুযোগ পেলেই তিনি বাড়ি ফিরবেন। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। আজ তাঁর দেহ গ্রামে ফিরতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা তৃণমূল এবং বিজেপি দু'দলের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি যে, যতক্ষন না পর্যন্ত তাঁরা মুখ্যমন্ত্রীর আশ্বাস পাবেন না ততক্ষন পর্যন্ত তাঁরা এই অবরোধ তুলবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications