‘মুর্শিদাবাদ হামলা ছিল পরিকল্পনামাফিক, জেনেও কেন কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন?’: সুকান্ত মজুমদার
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ-এ যে হিংসার আগুন ছড়িয়েছে, তা মোটেই স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, বরং দীর্ঘদিন ধরে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের ফসল - এমনই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়া পরিবারগুলির সাক্ষাৎ করিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন সুকান্ত। তাঁর দাবি, গোয়েন্দা রিপোর্টেই স্পষ্ট হয়েছে, ওই এলাকাগুলিকে 'উপদ্রুত' করার ব্লুপ্রিন্ট গত তিন মাস ধরেই তৈরি হচ্ছিল, এবং ওয়াকফ সংশোধনী আইন ছিল শুধুমাত্র এক 'উপলক্ষ'।

সুকান্ত মজুমদার এদিন সরাসরি পুলিশমন্ত্রীকে প্রশ্ন করেন 'গোয়েন্দারা কী করছিল?' রাজ্যের গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুকান্ত বলেন, "পুলিশের গোয়েন্দা বিভাগ তো ছিল, তারা কী করছিল?"
তিনি আরও বলেন, "তিন মাস ধরে ছক করা হচ্ছিল, তুরস্ক থেকে টাকা এসেছে - সবই নাকি আগে থেকেই জানা ছিল। তাহলে আগে থেকে কোনও ব্যবস্থা কেন নেওয়া হয়নি? মুখ্যমন্ত্রীর গোয়েন্দা বিভাগ কি ওয়েব সিরিজ বানাচ্ছিল? না কি বসে বসে শুধু ফ্যাক্ট চেক করছিল?"
গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির ছায়া পড়েছে এই ঘটনার উপরেও। এমনকি, হাঙ্গামার দিন সীমান্তের ওপার থেকে ৩০টির বেশি ফোন আসে জঙ্গিপুর মহকুমায়। আরও ৭০টি সন্দেহভাজন ঘরোয়া মোবাইল নম্বর চিহ্নিত করা হয়েছে, যেগুলি থেকে হিংসার 'নির্দেশ' দেওয়া হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।
তদন্তে জানা গিয়েছে, রেললাইনের পাথর আগেভাগে মজুত করা হয়েছিল। দোকানপাট ও নির্দিষ্ট বসতবাড়িতে পরিকল্পিত হামলা হয়। সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ, রাস্তায় ব্যারিকেড তাও ছিল পরিকল্পিত। রেল ও সড়ক যোগাযোগ পুরোপুরি ব্যাহত করা হয় পরিকল্পনামাফিকই। সব মিলিয়ে ঘটনাগুলি যে পূর্বপরিকল্পিত ও সুসংগঠিত, তা স্পষ্ট হয়েছে গোয়েন্দা রিপোর্টে।
মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সুকান্ত এদিন বলেন, "এঁরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছিলেন। কিন্তু পুলিশের সামনেই ঘর লুট হল, নির্যাতনের শিকার হলেন। এই দায় কে নেবে? মুখ্যমন্ত্রী কি এই ঘটনার দায় এড়াতে পারেন? মুখ্যমন্ত্রীর পুলিশ কি এর দায় এড়াতে পারে?"
বস্তুত, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যে যে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা সমস্যার মুখোমুখি হয়েছে, তার কেন্দ্রস্থল এখন মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই থাকছে, যার নেতৃত্বে আরও একবার সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications