আগেই সুজিত বসুর বাড়ি তল্লাশি হওয়া উচিত ছিল, কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার
রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অনেক আগেই ইডির তল্লাশি হওয়া উচিত ছিল। এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে তাঁর কর্মসূচি ছিল৷ তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
সুজিত বসু সম্পর্কে কটাক্ষ করে বলেন, এলাকার বাসিন্দাদের অভিযোগ লোকটি আগে রাস্তায় দাঁড়িয়ে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। সেই সুজিত বসু রাতারাতি কীভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেলেন? সেটা তো মানুষের জানা দরকার।"

তাঁর আরও দাবি, "আমার কাছে খবর আছে পুর দুর্নীতি করে তিনি তার দুই শ্যালিকার চাকরির পাশাপাশি ওই দুই পরিবারকে একাধিক সুবিধে পাইয়ে দিয়েছেন। ইডি আজ নির্দিষ্ট তথ্যের পরিপ্রেক্ষিতেই নিশ্চয়ই আজ তদন্তে গিয়েছে।"
তিনি স্মরণ করিয়ে দেন তদন্ত চলছে আদালতের নির্দেশে। রাজ্যের মানুষের পাশাপাশি বিজেপিও চায় সত্য সামনে আসুক। সত্য জানার অধিকার সবার আছে বলে তিনি মন্তব্য করেন। শুক্রবার ভোর থেকে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে।
বিকেলের দিকে মন্ত্রীর ছেলে সমুদ্রকে নিয়ে ইডির আধিকারিকরা বেরিয়ে আসেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে মন্ত্রীর একটি ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটেও তিনি মাঝেমধ্যে থাকেন বলে জানা গিয়েছে। সেই ফ্ল্যাটে ইডির আধিকারিকরা যান।
ঘণ্টা খানেক সেই ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চলে। সন্ধ্যার পরে ফ্ল্যাট থেকে তারা বেরিয়ে আসেন। মন্ত্রীর বাড়িতে তারা আবার ঢুকে যান। ইডির আধিকারিকরা তল্লাশি করছেন। তারা সব কিছুতেই সাহায্য করছেন।এমনই জানিয়েছেন সমুদ্র।
পানিহাটিতে পুরসভার বার্ষিক অনুষ্ঠানে কাউন্সিলরদের মদের গ্লাস নিয়ে নাচের ঘটনা সামনে এসেছে। সেই বিষয়ে সুকান্ত বলেন, " মদ আর তৃণমূল সমার্থক। তৃণমূল করবে, আর মদ খাবে না। মদ নিয়ে নাচানাচি করবে না! তা কী কখনও হয়! এটাই তো বর্তমানে তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। যা আজ বাংলার সংষ্কৃতিকে ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে এই তৃণমূল দল।" সন্ধে হলে তৃণমূলের বড় থেকে ছোট ও চুনোপটি নেতারা মদের আসর জমাতে ভালবাসেন। কটাক্ষ করেন তিনি।












Click it and Unblock the Notifications