হাইকোর্টে ধাক্কা বিজেপির, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশনই, জানিয়ে দিল আদালত
হাইকোর্টে ধাক্কা বিজেপির, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশনই, জানিয়ে দিল আদালত
রাজ্যের ১০৮টি পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। এবার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে আদালত। তবে ভোটে কোনও অশান্তি হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। প্রধানবিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই নির্দেশিকা দিয়েছে বুধবার।

কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত নেবে কমিশন
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বুধবার ছিল সেই মামলার শুনানি। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে পুরসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোন জেলায় কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে আগে খোঁজ নিতে বলা হয়েছে কমিশনকে। সেটা জানার পর রাজ্যের ডিজি, আইজি এবং স্বরাষ্ট্রসচিেবর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেবে কমিশন। প্রধান বিচারপতি শ্রীপ্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এবং ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অশান্তির দায় নিতে হবে কমিশনকেই
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কিনা তার সিদ্ধান্ত যেমন নির্বাচন কমিশনকে নিতে হবে। ঠিক তেমনই পুরভোটে অশান্তি হলেও তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্দেশিকায় এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত বারের মামলার ক্ষেত্রেও এই একই নির্দেশিকার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তারপরেও রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর পক্ষেই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

পুরভোটে অশান্তি
গত পুরসভা ভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছিল বিজেপি। রাজ্য পুলিশ দিয়ে অবাধ ভোট রাজ্যে সম্ভব নয় বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন তাঁরা। কিন্তু সেবারও ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছিল আদালত। তারপরে চার পুরসভা এলাকাতেই অশান্তি হয়েছিল। আসানসোলে গুলি চলার ঘটনা ঘটেছিল। বিধাননগরে ছাপ্পা ভোট এবং অবৈধ ভোটারদের দেখা গিয়েছিল সকাল থেকেই। শিলিগুড়িতেও একাধিক বুথে অশান্তির ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।

কমিশনকে কী নির্দেশ
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে নির্বাচন কমিশনকে। কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় তাহলে লিখিত ভাবে সেই সিদ্ধান্ত আদালতকে জানাতে হবে। এবং নিরপেক্ষ আইএএস অফিসারদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ সেই সঙ্গে কাঁথি পুরসভার সব ইভিএম পেপার সিল করার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ প্রসঙ্গত উল্লেখ্য কাঁথি এবং ভাটপাড়া পুরসভার বিজেপি প্রার্থীরা নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।












Click it and Unblock the Notifications