মমতার দল এখন পাড়ার ক্লাব! পদত্যাগকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা মুকুলের
মমতার দল এখন পাড়ার ক্লাব! পদত্যাগকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা মুকুলের
তৃণমূলের ( trinamool congress) বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ( subhendu adhikari) ইস্তফার সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ( mukul roy)। শুভেন্দু অধিকারীকে গণ আন্দোলনের নেতা বলেও বর্ণনা করেন তিনি।

বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর
এদিন বিকেল চারটে নাগাদ বিধানসভা ভবনে গিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সময় অধ্যক্ষ সেখানে ছিলেন না। তিনি বিধানসভার রিসিভিং সেকশনে গিয়ে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি ইমেল করে অধ্যক্ষের কাছে পদত্যাগ পত্রের কপিও পাঠিয়ে দেন। এরপরেই স্পিকারের তরফে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী যেভাবে ইস্তফাপত্র জমা দিয়েছেন, তা বৈধ নয়। স্পিকার জানিয়েছেন, ইস্তফাপত্র গ্রহণ করা হবে কিনা, সেব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্বাগত জানালেন মুকুল রায়
এদিন শুভেন্দু অধিকারী ইস্তফার খবর পাওয়ার পরেই মুকুল রায় এই সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, শুভেন্দু অধিকারী গণ আন্দোলনের নেতা। সে কোনও গণ আন্দোলনের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত একটি বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপির সুবিধা হবে বলেও জানান তিনি।

সুব্রত বক্সি, অনুব্রত মণ্ডলকে ফোনের কথা অস্বীকার করেননি মুকুল
এদিন কোচবিহারের সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সুব্রত বক্সি ও অনুব্রত মণ্ডলদের সঙ্গে বসার চেষ্টা করছে বিজেপি। তিনি বলেন, বিজেপি যা করছে তা শুনলে লজ্জা পাবেন। তিনি আরও বলেন, কোথায় বিজেপি গিয়েছে বুঝুন। সামান্য লজ্জা, ভদ্রতা বা সৌজন্যতাও নেই। এব্যাপারে এদিন মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে, তিনি বিষয়টিকে অস্বীকার করেননি, আবার কোনও উত্তরও দেননি।

কতজন বিধায়ক তৃণমূলে
কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। শীলভদ্র দত্তও বিজেপিতে যোগ দেওয়ার পথে। বেসুরো ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারও। এব্যাপারে মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ২৫, ৫০, ১০০ সবই হতে পারে। তিনি বলেন, এখন যাঁরা তৃণমূলে আছেন, সবারই দমবন্ধ যাচ্ছে। জায়গায় জায়গায় পোস্টার পড়া সম্পর্কে তিনি বলেন, আরও অনেক পোস্টার পড়বে।

মমতার দল এখন পাড়ার ক্লাব
এদিন মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে পাড়ার ক্লাব বলেন কটাক্ষ করেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাড়ার ক্লাবে চট করে সিদ্ধান্ত হয়ে যায়। কিন্তু বিজেপি এখন বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। শুভেন্দু অধিকারীকে নিয়ে দল সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন মুকুল রায়, তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পিকের অবস্থান কী তা স্পষ্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি (পিকে) কি পয়সা নিয়েছেন, নাকি দলে তাঁর কোনও পদ আছে, তা অজানা বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications