মুকুলের চালে ভোল বদলেছে বিজেপির! শিয়রে সমন দেখতে শুরু করেছে তৃণমূলও
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যক সংখ্যালঘু প্রার্থী বৃদ্ধি কোন জাদুতে? রাজনৈতিক মহল মনে করছে এর মধ্যে রয়েছে মুকুল রায়ের কৌশলী পরিকল্পনা।
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংখ্যালঘু প্রার্থী ছিল ১০০-র কম। এবার তা একলাফে বেড়ে হয়েছে ৮৫০। যা এক কথায় রেকর্ড। কিন্তু হঠাৎ এই বিপুল সংখ্যক সংখ্যালঘু প্রার্থী বৃদ্ধি কোন জাদুতে? রাজনৈতিক মহল মনে করছে এর মধ্যে রয়েছে মুকুল রায়ের কৌশলী পরিকল্পনা। তৃণমূল ছেড়ে মুকুল রায় বিজেপিতে নাম লেখানোর পরই এই ভোলবদল ঘটেছে বিজেপির।

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরই বিজেপি শিবিরে বেড়েছে সংখ্যালঘুর সংখ্যা। মুকুল ঘনিষ্ঠ অনেক সংখ্যালঘু নেতা-নেত্রী নাম লিখিয়েছেন বিজেপিতে। স্বাভাবিকভাবেই মুকুল রায় যখন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দায়িত্বে, তখন সেইসব সংখ্যালঘুদের অনেকেই টিকিট পেয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে, এই সংখ্যালঘু মুসলিম প্রার্থীদের বেশিরভাগই বাম, কংগ্রেস ও তৃণমূল শিবির ছেড়ে যাওয়া নেতা-নেত্রী।
তৃণমূল কংগ্রেসে থাকাকালীন ২০ বছর ধরে একা কাঁধে সংগঠনের দায়িত্ব সামলছেন মুকুল রায়। সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে একা হাতে সামলেছেন তিনি। এখন তিনি দল ছাড়ার পর তাঁর অনুগামীরাও ভিড় করেছেন বিজেপিতে। মুকুল রায় আসাতেই বিজেপি এত সংখ্যক মুসলিম প্রার্থী খুঁজে পেয়েছে, তা বলাই বাহুল্য। এবার সেই সংখ্যালঘু প্রার্থীদের ময়দানে নামিয়েই বাজিমাত করতে চাইছে বিজেপি।

বিজেপি বুঝিয়ে দিয়েছে, বাংলা দখলের লক্ষ্যে, সর্বোপরি আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে ভালো ফল করতে বিজেপি মরিয়া। তার জন্য সাম্প্রদায়িক তকমা ঝেড়ে ফেলতে হবে সর্বাগ্রে। আর তা করতেই এবার রেকর্ড সংখ্যক সংখ্যালঘু প্রার্থীকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দিয়েছে পদ্মশিবির। লোকসভা ভোটের আগে বিজেপির এই সিদ্ধান্তকে মুকুল রায়ের মাস্টারস্ট্রোক হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি যে এবার বাংলাকে টার্গেট করেছে, তা আগে থেকেই ফলাও করে জানিয়ে দিয়েছিল নেতৃত্ব। বিশেষ করে ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটানোর পর, তা আরও স্পষ্ট হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন। সেইমতোই নয়া কৌশল প্রয়োগ করে এগোতে চাইছে বিজেপি।
মুকুল রায়কে সামনে রেখেই পঞ্চায়েত-কৌশল সাজিয়ে লোকসভাকে পাথির চোখ করে এগনোর পরিকল্পনা নিয়েছেন অমিত শাহ-নরেন্দ্র মোদীরা। যদিও বিজেপির এই সংখ্যালঘু প্রার্থী বৃদ্ধিকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications