করোনা পরবর্তী শারীরিক জটিলতা, চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়
চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের (mukul roy) স্ত্রী কৃষ্ণা রায় (krishna roy)। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ে। সে
চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের (mukul roy) স্ত্রী কৃষ্ণা রায় (krishna roy)। করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ে। সেখানেই এদিন সকালে প্রয়াত হন কৃষ্ণা রায়। বুধবার কৃষ্ণা রায়ের দেহ কলকাতায় আনা হবে বলে জানা গিয়েছে।

মে মাসে করোনায় আক্রান্ত
মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন মুকুল রায় এবং তাঁর স্ত্রী কৃষ্ণা রায়। ২ মে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জয়ী হওয়ার সার্টিফিকেট নেওয়ার পরে মুকুল রায়কে বিধানসভায় তৃণমূল বিধায়কদের ঘরে দেখা গিয়েছিল। তারপর থেকে করোনা আক্রান্ত হওয়ায় সামনে আসতে পারেননি মুকুল রায়। তিনি ছিলেন সল্টলেকের বাড়িতে। চিকিৎসকের পরামর্শ নেমে বাড়িতেই চিকিৎসা হয়েছিল তাঁর। কিন্তু শারীরিক জটিলতার কারণে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

হাসপাতালে রাখা হয়েছিল ইকমো সাপোর্ট
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে ইকমো সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন। সেই সময় তাঁকে হাসপাতেল দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। খোঁজ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ছেলে শুভ্রাংশু রায় উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাবার মঙ্গলকামনায় তাঁর মায়ের ফলহারিনী কালীপুজো শুরু করার কথা।

নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইতে
অঙ্গদাতার খোঁজ পাওয়ায় কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুকুল রায় ও শুভ্রাংশু রায়। ১৭ জুন তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাই নিয়ে যাওয়া হয়। এতদিন সেখানেই ছিলেন। এদিন সকাল পৌনে পাঁচটা নাগাদ সেখানেই প্রয়াত হন কৃষ্ণা রায়। মৃত্যুর সময় পাশে ছিলেন ছেলে শুভ্রাংশু রায়।

মুখ্যমন্ত্রীর সমবেদনা
কৃষ্ণা রায়ের মৃত্যুর খবর পাওয়ার পরে সমবেদনা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়ে বলেছেন, বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে তিনি গভীরভাবে শোকস্তব্ধ। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণা রায়কে তিনি ঘনিষ্ঠভাবে চিনতেন বলে জানিয়েছেন। তিনি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায়, পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন-অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
(ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications