মুকুল-পুত্র শুভ্রাংশুর গুরুত্ব বাড়ল বঙ্গ বিজেপিতে, রদবদলে নয়া চমক ২০২১-এর আগে
মুকুল-পুত্র শুভ্রাংশুর গুরুত্ব বাড়ল ২০২১-এর আগে, রদবদলে নয়া চমক বিজেপির
মুকুল রায়কে ফের ময়দানে নামিয়ে সক্রিয় করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। শোভন চট্টোপাধ্যায়কেও সক্রিয় করে তোলার ক্ষেত্র তৈরি। এবার মুকুল-পুত্র শুভ্রাংশু রায়কে গুরুত্বের আসনে বসাল বিজেপি। বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন শুভ্রাংশু রায়। স্থান পেলেন শঙ্কুদেব পাণ্ডা-সহ মুকুল রায় ঘনিষ্ঠ অনেক বিধায়ক-নেতাই।

শোভন-শুভ্রাংশু-শঙ্কুদেবের প্রবেশের দিন বাদ চন্দ্র
আর রাজ্য বিজেপির কর্মসমিতিতে শোভন-শুভ্রাংশু-শঙ্কুদেবের প্রবেশের দিন বঙ্গ বিজেপি থেকে একপ্রকার আউট হয়ে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু। দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপির রাজ্য কমিটির পদাধিকারীদের তালিকা থেকে আগেই বাদ পড়ে ছিলেন চন্দ্র বসু, এবার তাঁকে ছেঁটে ফেলা হল রাজ্য কর্মসমিতির পদ থেকেও।

বিজেপির তালিকায় গুরুত্ব শোভন-শুভ্রাংশু-শঙ্কুদেবকে
মঙ্গলবার বিজেপির তরফে রাজ্য কমিটির যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়, শুভ্রাংশু রায় ও শঙ্কুদেব পাণ্ডাকে। এই তিনজনেই বর্তমানে বিতর্কিত ছিলেন বিজেপিতে। এঁদের অবস্থান নিয়ে বিজেপিতে বিতর্ক ছিল দীর্ঘদিন ধরেই। তাই এই তিনজনের কর্মসমিতিতে এন্ট্রি বিশেষ তাৎপর্যপূর্ণ।

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে মেনন পাশা উল্টে দিয়েছেন
শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে এই একবছর ধরে নানা জল্পনা-কল্পনা চলেছে। বিজেপিতে যোগ দেওয়ার দু-মাসের মধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে চলচ্চিত্র উৎসবে গিয়েছেন। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বৈশাখী। তৃণমূলে যাওয়া শোভনের সময়ের অপেক্ষা ছিল, তখনই মেনন পাশা উল্টে দিয়েছেন।

শুভ্রাংশুকে রাজ্য কর্মসমিতিতে স্থান, জল্পনার ইতি
একুশে জুলাইয়ের আগে মুকুল রায়ের পাশাপাশি শুভ্রাংশুর তৃণমূলে ঘরওয়াপসি নিয়ে কম জল্পনা হয়নি। মুকুলের মতো তিনিও তৃণমূলের সঙ্গে বৈঠক করেন বলে জল্পনা বাড়তে থাকে। যদিও শুভ্রাংশু জানিয়ে দেয়, অযথা তাঁর বিরুদ্ধে রটনা করা হচ্ছে। কারও সঙ্গে কোনও বৈঠক হয়নি তাঁর। এরপর শুভ্রাংশুকে রাজ্য কর্মসমিতিতে স্থান দিয়ে বিজেপি জল্পনার ইতি ঘটাল।

শঙ্কুদেব পাণ্ডাকেও স্থান দেওয়া হল রাজ্য কর্মসমিতিতে
আর শঙ্কুদেব পাণ্ডাকে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক করা নিয়ে এখন বিজেপিতেই বিভাজন স্পষ্ট হয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় মুকুল ঘনিষ্ঠ এই নেতাকে যুব মোর্চার সাধারণ সম্পাদক করতে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ প্রকাশ দাসকে সরানোর কথা জানিয়েছিলেন। এখন সেই শঙ্কুদেব পাণ্ডাকেই স্থান দেওয়া হল রাজ্য কর্মসমিতিতে।

রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটিতে যাঁরা
মঙ্গলবার রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করা হয়। ৯৬ জনের রাজ্য কমিটি ছাড়াও আমন্ত্রিতদের ১১০ জনের তালিকাও প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় বিশেষ আমন্ত্রিতের ২১ জনের তালিকা। শোভন-শুভ্রাংশু-শঙ্কুদেব তালিকায় ঠাঁই পেলেও কোনও তালিকাতেই চন্দ্র বসুকে স্থান দেওয়া হয়নি। বঙ্গ বিজেপিতে তিনি এই মুহূর্তে একজন সাধারণ সদস্য বনে গেলেন।












Click it and Unblock the Notifications