ডিজির সঙ্গেও আমার ঘনিষ্ঠ সম্পর্ক, ভারতী-জল্পনা ওড়াতে গিয়ে কী বোঝালেন মুকুল
তাঁর সঙ্গে স্বয়ং রাজ্য পুলিশের ডিজিরও ঘনিষ্ঠ সম্পর্ক, তা বলে তিনিও বিজেপিতে যোগ দেবেন নাকি! এভাবেই জল্পনা ওড়ালেন মুকুল।
ভারতী ঘোষের বিজেপি যোগের জল্পনা ওড়ালেন মুকুল রায়। রবিবার তিনি সাফ জানালেন, তাঁর সঙ্গে স্বয়ং রাজ্য পুলিশের ডিজিরও ঘনিষ্ঠ সম্পর্ক, তা বলে তিনিও বিজেপিতে যোগ দেবেন নাকি! দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায় বলেন, আমার সঙ্গে শুধু ভারতী ঘোষই নন, সমস্ত আইপিএস অফিসারদেরই ভালো সম্পর্ক, সুরজিৎ কর পুরকায়স্থ ও রাজীব কুমারও আমারও ঘনিষ্ঠ।তাহলে এসব রটনা কেন?

এদিন তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন, ভারতী ঘোষ চাকরিতে ইস্তফা দেওয়ার পর তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। তাহলে এসব কথা উঠছে কেন? উল্লেখ্য, সবং উপনির্বাচনে মেদিনীপুরের পুলিশ সুপার বিজেপিকে সাহায্য করেন বলে অভিযোগ ওঠে। তারই জেরে ভারতী ঘোষকে বারাকপুরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্বে বদলি করে দেওয়া হয় বলে অভিযোগ।
তার উপর ভারতী ঘোষের সঙ্গে মুকুল রায়ের সম্পর্কও ভালো। সেই সম্পর্কের খাতিরেই তিনি সবংয়ে বিজেপিকে আলাদা মাইলেজ দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে এসব নেহাতই রটনা বলে উড়িয়ে দেন মুকুল রায়। তখনই তিনি সুরজিৎ কর পুরকায়স্থ ও রাজীব কুমারের উদাহারণ টানেন। ভারতী ঘোষের বিজেপি যোগ, তাঁকে উলুবেড়িয়ায় প্রার্থী করা বা রাজ্যসভার সাংসদ করার সংক্রান্ত যাবতীয় জল্পনা উড়িয়ে দেন।
উল্লেখ্য, রাজ্য প্রশাসন ভারতীয় ঘোষের ইস্তফা ও ছুটির আবেদন না মঞ্জুর করার পরও চাকরিতে যোগ না দেওয়াতেই জল্পনার পারদ চড়তে থাকে। এদিনই রাজনৈতিক মহলের একাংশ চর্চা শুরু করে, তাঁর বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশের চিঠি নিয়ে। মুকুল রায় ও দিলীপ ঘোষকে তিনি চিঠি দিয়েছেন বলে জানা গেলেও, তার সত্যতা স্বীকার করেননি মুকুল রায় বা দিলীপ ঘোষ- কেউই।












Click it and Unblock the Notifications