মুকুলকে নিয়ে ফের জল্পনা! মমতার একুশে জুলাইয়ে মৌনী থেকে হঠাৎ দিল্লি পাড়ি
বাংলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। সে জন্য তিনি বিজেপির বঙ্গ নেতৃত্বকে তলব করেছেন। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলা সভাপতিদেরও। থাকবেন সাংসদরাও।
বাংলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ। সে জন্য তিনি বিজেপির বঙ্গ নেতৃত্বকে তলব করেছেন। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলা সভাপতিদেরও। থাকবেন সাংসদরাও। আর অমিতের ডাকে সাড়া দিয়ে বৈঠক শুরুর একদিন আগেই দিল্লি উড়ে গিয়েছেন মুকুল রায়। মুকুলের এই চটজলদি সিদ্ধান্তে জল্পনা আরও বেড়েছে।

মুকুলের দিল্লি সফর নিয়ে জল্পনা
কেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে না গিয়ে মুকুল আগেই চললেন দিল্লির দরবারে? তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এর আগেও একা মুকুল রায় সব্যসাচী দত্তকে নিয়ে গিয়েছিলেন বঙ্গ নেতৃত্বের অগোচরে। অমিত শাহের ভার্চুয়াল বৈঠকের পরেই মুকুলের দিল্লি সফর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তাঁর মন্ত্রিত্ব ও কেন্দ্রীয় পদ পাওয়ার ব্যাপারে।

আগের দিল্লি সফর থেকে ফেরার পরে
দিল্লি থেকে ফিরে এসে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছিলেন মুকুল রায়। তিনি সাফ জানিয়েছিলেন, এখন করোনার আবহে দেশ সংকটে। এখন ওসব নিয়ে ভাবার অবকাশই নেই। আর তাঁর লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচন। তাই তিনি ওইসব কিছুই ভাবছেন না। কিন্তু এরপরই মুকুলের মৌনতা ফের জল্পনা বাড়িয়েছিল।

প্রতিদিনই জল্পনার পারদ চড়েছে
এখানেই শেষ নয়, দিল্লি থেকে ফেরার কয়েকদিন পরই তিনি জানিয়ে দেন, বঙ্গে বিজেপির সদর দফতরে তিনি আর যাবেন না। সল্টলেকের একটি অফিসে বসবেন তিনি। তা নিয়েই কম জল্পনা হয়নি। এরপর টুইটারে মুকুল রায় মুছে যাওয়ার ঘটনা তো আছেই। এরকম ছোট ছোট নানা ঘটনায় প্রতিদিনই জল্পনার পারদ চড়েছে।

ফের ক-দিন জল্পনা চলবে
এখন আবার তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের আগেই অমি শাহের ডাকে সাড়া দিয়ে দিল্লি ছুটলেন। স্বভাবতই জল্পনার পারদ আবার চড়বে। মমতা যখন ২১ জুলাইয়ের বক্তব্য রাখছেন, তখন তড়িঘড়ি বিমানবন্দরে গিয়ে দিল্লি উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ফলে মুকুলের দিল্লি যাত্রা নিয়ে ফের ক-দিন জল্পনা চলবে, তা বলাই বাহুল্য।

মুকুল রায় একদিন আগে দিল্লিতে
বিশ্বস্ত সূত্রে খবর বাংলা নিয়ে বৈঠকে দিল্লিতে পারদ চড়বে আগামী সাতদিন। সাংগঠনিক অবস্থার পাশাপাশি রাজ্যের পরিস্থিতি নিয়েও বৈঠক করবেন অমিত শাহ। মুকুল রায় একদিন আগে পৌঁছে যাওয়ায় অমিত শাহ রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আগেই বিশদে কথা বলতে পারেন। এছাড়া মুকুল রায় বিশেষ কোনও বার্তা দিতে পারেন দিল্লি নেতৃত্বকে।

দিল্লিতে বঙ্গ বিজেপির মন্থন শিবির
বুধবার দিল্লিতে বিজেপি বাংলাকে নিয়ে মন্থন শিবিরে বসতে চলেছে। এই বৈঠকে থাকবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, রথীন্দ্রনাথ বসু, সঞ্জয় সিংহ, জোতির্ময় সিং মাহাতো। এছাড়া থাকবেন শিবপ্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয় ও অরবিন্দ মেনন। থাকবেন বি এল সন্তোষ, অমিত শাহ এবং জেপি নাড্ডাও। এই বৈঠক ২৭ জুলাই পর্যন্ত হতে পারে। তলব করা হবে জেলা সভাপতি এবং সাংসদদেরও।












Click it and Unblock the Notifications