সর্বভারতীয় সহ সভাপতি হতে পারেন মুকুল! অভিষেকের সঙ্গেই ভিনরাজ্যে দখলের দায়িত্বও থাকবে তাঁর কাঁধেই
গত কয়েকদিন আগেই বিজেপি ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। আর এরপরেই শাসকদলে গুরু দায়িত্ব যেতে চলেছে তাঁর কাঁধেই। তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হতে পারেন মুকুল
গত কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। দলে যোগ দিয়েই কাজ শুরু করে দিয়েছেন তিনি। ইতিমধ্যে একাধিক বিধায়ক, সাংসদকে ফোন করেছেন তিনি। দল ভাঙানোর খেলা শুরু করেছেন তিনি। এবার দলের মধ্যে গুরুত্ব বাড়তে চলেছে মুকুল রায়ের। দলে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয় যে বড় দায়িত্ব মুকুল রায়কে দেওয়া হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে প্রাক্তন এই বিজেপি নেতা সবরকম সাহায্য করবে। মুকুল এবং অভিষেকের সঙ্গেই সর্বভারতীয় স্তরে ময়দানে নামতে পারে প্রশান্ত কিশোর।

দলে গুরু দায়িত্ব!
দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন মুকুল। এমনটাই খবর সূত্রের। তৃণমূলে যোগদানের পর গত শনিবার দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকেই মুকুলের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি মুকুলকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে, সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতে পারেন বর্তমান তৃণমূল নেতা। শুধু তাই নয়, একাধিক রাজ্যের গুরু দায়িত্ব তাঁর কাধেই থাকবে বলে খবর।

অভিষেককে সাহায্য করবেন মুকুল!
ইতিমধ্যে সর্বভারতীয় স্তরে ঝাঁপাতে চলেছে তৃণমূল। প্রশান্ত কিশোরের বেঁধে দেওয়া ছকেই এগোবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যে সে লক্ষ্যেই দলকে সাজিয়েছেন নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরু দায়িত্ব দেওয়া হয়েছ। আর সে দায়িত্ব পেয়েই অভিষেক বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেস। জেতার লক্ষ্যেই একাধিক রাজ্যে ভোট লড়বে বলেও জানিয়েছেন তিনি। আর এখানেই অভিষেককে সবরকম সাহায্য করবেন মুকুল রায়। কারণ দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মুকুলের। শুধু তাই নয়, বিজেপির অনেক দুর্বলতা জানেন মুকুল। আর সেটাকেই কাজে লাগাতে চাইছেন অভিষেক।

দায়িত্ব পেতে পারেন মুকুল-পুত্র
বাবার সঙ্গেই তৃণমূলে নাম লিখিয়েছেন শুভ্রাংশু। আর তৃণমূলে ফিরেই গুরু দায়িত্ব তাঁর কাঁধেই চাপানো হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। ছাত্র পরিষদ কিংবা যুবার বড় দায়িত্ব শুভ্রাংশুকে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

মুকুলের তৃণমূলে যোগ
বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে গত শুক্রবার তৃণমূলে ফেরেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব নিয়ে, জল্পনা-গুঞ্জন শুরু হলেও, মুকুল রায় যে শুক্রবারই বিজেপিকে ধাক্কা দিয়ে তৃণমূলে ফিরতে চলেছেন, সম্ভবত গেরুয়া শিবিরও তার টের পায়নি। মুকুল রায় তৃণমূলে থাকাকালীন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আজ সেই পদে আসীন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু রায়কে উত্তরীয় পড়িয়ে দলে অভ্যর্থনা জানান অভিষেকই। কিন্তু মমতা-মুকুল দুজনেই জানিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই।












Click it and Unblock the Notifications