বিজেপির হারের কারণ দর্শালেন মুকুল-অনুগামী অনুপম, রাজ্য নেতৃত্বকে ফেললেন অস্বস্তিতে
মুকুল রায়ের হাত ধরে অনুপম হাজরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর সাংসদের টিকিট পেলেও সংসদে যেতে পারেননি যাদবপুরে মিমি চক্রবর্তীর কাছে হেরে।
মুকুল রায়ের হাত ধরে অনুপম হাজরা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর সাংসদের টিকিট পেলেও সংসদে যেতে পারেননি যাদবপুরে মিমি চক্রবর্তীর কাছে হেরে। তবে মুকুল-সৌজন্য বিজেপির কেন্দ্রীয় নেতা বনে গিয়েছিলেন। এখনও তিনি কেন্দ্রীয় বিজেপির সম্পাদক। তিনিই এবার বিজেপি হারের কারণ জানালেন।

বিজেপি নেতৃত্বকেই কাঠগড়ায় তুললেন অনুপম হাজরা
অনুপমের বিবৃতিতে অস্বস্তি বাড়ল বিজেপির। তিনি বিজেপির নতুন ও পুরনোদের নিয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যায় বঙ্গ নেতৃত্বের সমালোচনা করলেন কৌশলে। আমাদের ভুল বলে তিনি বিজেপি নেতৃত্বকেই কাঠগড়ায় তোলেন। তাঁর কথায়, বিজেপির বঙ্গ নেতৃত্ব বিধানসভা নির্বাচনের আগে একটি ভুল করে বসেছেন। সেই ভুলের খেসারত দিতে হয়েছে তাঁদের।

তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব বিজেপিতে
অনুপম হাজরা বলেন, ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল দল। চলচ্চিত্র জগৎ থেকে আসা নায়ক-নায়িকাদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। তার ফলে দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন পুরনো নেতা ও কর্মীরা। তার মাশুল দিতে হয়েছে একুশের বিধানসভা নির্বাচনে। ফলও হয়েছে শোচনীয়।

কৌশলে ভুল করেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব
এখানেই শেষ নয়। বিজেপির সমালোচনায় তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে কৌশলে ভুল করেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। যাঁরা এতদিন দলটাকে লালন-পালন করল, তাদের কথা ভাবেইনি। ভেবেছিল ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতা এবং রূপোলি পর্দার কলা-কুশলীদের নিয়েই ভোট-বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু তা হয়নি।

তৃণমূল থেকে আসা নেতাদের সুযোগসন্ধানী বলে কটাক্ষ
একুশের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কোথায় আমাদের ভুল। সেই ভুল শুধরে নিতে হবে। তৃণমূল থেকে আসা নেতাদের তিনি সুযোগসন্ধানী বলেও কটাক্ষ করেন। যদিও তিনি নিজেও তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন। তিনি এখনও বিজেপিতে রয়ে গিয়েছেন। রাহুল সিনহাকে সরিয়ে কেন্দ্রীয় সম্পাদকের পদ সামলাচ্ছেন।

পুরনো নেতা-কর্মীরা ভেবেছিল, বিজেপিটা নতুনদেরই দল
অনুপম বলেন, আমরা তৃণমূল থেকে আসা সুযোগসন্ধানী নেতাদের বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। ফলে দলের পুরনো নেতা-কর্মীরা ভাবতে শুরু করেছিল, বিজেপিটা নতুনদেরই দল। তাঁদের কোনও জায়গা নেই দলে। তাঁরা সরে গিয়েছিল দলের সামনের সারি থেকে। রাজ্য নেতৃত্বের দোষ ছিল যে তাঁরা পুরনো নেতাদের অবহেলা করে সবেসবে আসা নেতাদের মাথায় তুলে নাচতে শুরু করেছিল। আমাদের রাজ্য নেতারা বাইরে থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল। এটা ভুল।

বিজেপির শিক্ষা হয়েছে তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দিয়ে
অনুপম বলেন, আমাদের শিক্ষা হয়েছে যে তৃণমূল থেকে আসা নেতাদের গুরুত্ব দেওয়া, চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকাদের নিয়ে নাচানাচি করা ঠিক হয়নি। দলের পুরনো নেতাদের গুরুত্ব দিতে হবে আগেই। তাঁরাই দলটাকে এগিয়ে নিয়ে যাবে। অনুপম তাঁর এই কথায় বিজেপির ভুল ধরিয়ে বিশেষ বার্তা দিতে চাইলেন। ভোটের আগে দলে নেওয়া নেতাদেরও বার্তা দিলেন।












Click it and Unblock the Notifications