মুকুল-ঘনিষ্ঠ বিধায়ক তৃণমূল নেত্রী মমতাকে ছেড়ে যাবেন না! ভরসার কথা শোনালেন এক সতীর্থ
মুকুল-ঘনিষ্ঠ বিধায়ক মমতাকে ছেড়ে যাবেন না! ভরসার কথা শোনালেন এক সতীর্থ
মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা চলেছে। এই বুঝি তিনি রাজনৈতিক গুরুর হাত ধরে বিজেপিতে নাম লেখাবেন। কিন্তু জল্পনা চললেও, তা সত্য প্রতিপন্ন হয়নি এই তিন বছরে। যথারীতি ২০২১-এর আগে বিজেপিতে মুকুল রায়ের গুরুত্ব বাড়তে ফের একবার জল্পনার পারদ চড়েছে। কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন সতীর্থ এক বিধায়ক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে যাবেন না কখনই!
আসলে মুকুল ঘনিষ্ঠ ওই বিধায়ক নিজেই জল্পনা বাড়িয়েছেন। ছোট্ট একটা মন্তব্য নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতিতে। শীলভদ্র দত্তের সেই মন্তব্যকে সেভাবে বড় করে দেখার কোনও কারণ দেখছেন না তাঁর সতীর্থ আর এক তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেছেন, শীলদা কখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে যাবেন না।

মুকুল-অনুগামী বিধায়ক মমতার অনুগত সৈনিক
শীলভদ্র দত্ত ও পার্থ ভৌমিক- উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্রের তৃণমূল বিধায়ক। উভয়েই এককালে মুকুল রায়ের ঘনিষ্ঠ ছিলেন। মুকুল-অনুগামী বলেই তাঁরা পরিচিত হতে তৃণমূল কংগ্রেসে। ফলে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরে তাঁদেরও নাম ছিল তালিকায়। কিন্তু তাঁরা তৃণমূলেই থেকে গিয়েছেন।

মুকুল বিজেপিতে গেলেও আজও শীলভদ্র তৃণমূলে
পার্থ ভৌমিক তো তৃণমূলে বেশ জাঁকিয়েই বসেছেন। মুকুল রায় বিজেপি ছাড়ার পর পার্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমে ভালোই মানিয়ে নিয়েছেন। কিন্তু শীলভদ্র দত্ত তিনি যেমনটা ছিলেন তেমনটাই রয়ে গিয়েছেন। তাঁর নেত্রী একজনই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়- এই তত্ত্বেই বিশ্বাস রেখেছেন। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পরও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক হিসেবেই থেকে গিয়েছেন।

শীলভদ্রের মন্তব্য ও আক্ষেপে জল্পনার পারদ চড়ছে
সম্প্রতি শীলভদ্র দত্ত বলে বসেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরে নতুন কেউ প্রার্থী হবেন। তিনি আপনাদের উন্নয়ন করবেন। আমার যতটা খামতি রয়ে গেল তার জন্য মাফ চাইছি। ১০ বছর আপনাদের সঙ্গে থেকেছি, যেটুকু পারিনি সেটা আমার অপদার্থতা। এমন আক্ষেপের কথাতেই জল্পনা তুঙ্গে ওঠে।

শীলভদ্র কি রাজনৈতিক গুরুর হাত ধরবেন, নাকি...
কেন তিনি হঠাৎ এমন কথা বললেন, তা নিয়েই রাজ্য রাজনীতিতে চর্চা চলছে। তবে কি শীলভদ্র দত্ত এবার কোনও কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন। তিনি কি তাঁর রাজনৈতিক গুরু মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যাচ্ছেন? নাকি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার পরিকল্পনা করষছেন বর্তমান তৃণমূলকে দেখে।

তৃণমূলের বর্তমান নেতৃত্ব ও পিকের ভূমিকায় অসন্তুষ্ট শীলভদ্র!
শীলভদ্র দত্ত তৃণমূলের বর্তমান নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট। তাঁকে কোনও সিদ্ধান্তই জানানো হয় না, এমনকী কোনও বৈঠকে ডাকা হয় না বলে অভিযোগ রয়েছে, তাঁর অনুগামীদের। তারপর সম্প্রতি প্রশান্ত কিশোরের টিমের ক্রিয়াকলাপ নিয়েও তিনি অসন্তোষ ব্যক্ত করেন। তারপরও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তিনি যাবেন না বলে বিশ্বাস সতীর্থ বিধায়কের।

শীলভদ্রের তৃণমূল ছাড়া কল্পনারও অতীত, বললেন পার্থ
তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, এসব নিছকই জল্পনা। শীলদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে অন্য কোথাও যাবেন তা কল্পনারও অতীত। এমনটা কোনওদিনও হবে না। এটা একেবারেই অসম্ভব এবং অবাস্তব কথা। শীলদার একটা মন্তব্যকে ধরে জল্পনার জাল বিছনোর কোনও অর্থ হয় না।












Click it and Unblock the Notifications