বাবুলের গড়ে থাবা মুকুলের! বিজেপির জেলা সম্পাদক-সহ ৩০০০ কর্মীর যোগদান তৃণমূলে
বাবুলের গড়ে থাবা মুকুলের! বিজেপির জেলা সম্পাদক-সহ ৩০০০ কর্মীর যোগদান তৃণমূলে
বাবুলের গড়ে থাবা বসাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দেওয়ার পর মুকুল রায়ের খেল শুরু হয়ে গিয়েছে। বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতিকে তৃণমূলে যোগদান করিয়েছেন। এবার বাবুল সুপ্রিয়র গড় আসানসোলে বিজেপির জেলা সম্পাদক যোগ দিলেন তৃণমূলে। রবিবার মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা নেন।

বিজেপির জেলা সম্পাদক অনুগামীদের নিয়ে তৃণমূলে
বিজেপির আসানসোল জেলার সম্পাদক মদনমোহন চৌবে আগেই জানিয়েছিলেন, আমরা তৃণমূলে যাচ্ছি। সেইমতোই আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে সদলবদলে তৃণমূলে যোগ দিলেন মদনমোহন চৌবে। তাঁর অনুগামীরাও যোগদান করলেন তৃণমূলে। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে প্রায় তিন হাজার কর্মী যোগ দিলেন বলে দাবি।

বিজেপি থেকে পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলে যোগদান
মদনমোহন চৌবে শনিবারই জানান, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন। তার পরক্ষণেই তিনি বিজেপি জেলা সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন তিনি। দলীয় সদস্যপদও ছাড়েন মদনমোহন চৌবে। তারপর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদানের কথা বলেন। সেইমতো ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিকে ভেঙে শক্তি বাড়ায় তৃণমূল।

গেরুযা শিবিরের শাখা সংগঠনের ৩৯ জন নেতা তৃণমূলে
তৃণমূল নেতাদের দাবি, গেরুযা শিবিরের শাখা সংগঠনের ৩৯ জন নেতা এদিন তাঁদের দলে যোগ দিয়েছেন। আর কর্মী সমর্থক ধরলে যোগদানের সংখ্যাটা তিন হাজারেরও বেশি বলে দাবি করেছে তৃণমূল। যদিও বিজেপি তৃণমূলের এই দাবি উৎখাত করে দিয়েছে। তাঁদের দাবি, তৃণমূল যে তালিকা দিয়েছিল, তার ৮০ শতাংশই অনুপস্থিত ছিলেন।

তৃণমূলে যোগ দিয়ে সদ্য প্রাক্তন জেলা সম্পাদকের বিবৃতি
তৃণমূলে যোগ দিয়ে বিজেপির সদ্য প্রাক্তন জেলা সম্পাদক বলেন, ২৮ বছর ধরে দল করছি। কিন্তু এখন দেখছি বিজেপি দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। দল পরিচালনা হচ্ছে হোটেল থেকে। হোটেলে বলে কি আর ভোট পরিচালনা করা যায়। তা করতে হয় মাটিতে নেমে। বিজেপিতে দমবন্ধ হয়ে আসছিল। এসব কথা কাউকে বলতে পারিনি। তাই তৃণমূলে যোগ দিয়ে ক্ষোভের কথা জানালাম।

বিজেপির অফিসে তালা খোলার লোক পাওয়া যাবে না!
বাবুলের গড় বলে পরিচিত আসানসোল বিজেপিতে এমন ধস নামায় উল্লসিত তৃণমূল কংগ্রেস। মলয় ঘটক এই বিরাট যোগদানের পর বলেন, কাল থেকে বিজেপির অফিসে তালা খোলার লোক পাওয়া যাবে না। যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা বুঝেছেন রাজ্যের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। তিনিই আগামী দিনে দেশের উন্নয়ন করবেন।

বাবুলের গড়ে সাতটির পাঁচটিতেই হার, ভিলেন জিতেন্দ্র!
উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের সাতটি বিধানসভাতেই এগিয়েছিল বিজেপি। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে কোনওরকমে দুটি আসন ধরে রাখতে সফল হয় বিজেপি। পাণ্ডবেশ্বর আর কুলটি। বাকি পাঁচটি কেন্দ্রে তৃণমূল জয়ী হয়। জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল, তার ফলেই এই মেগা যোগদান।












Click it and Unblock the Notifications