মুকুল বিহনে নেতা নেই! কমিটি গড়ার জন্য লোক ভাড়া করছে তৃণমূল, তোপ মমতাকে
মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর ঋতব্রতও সেই পথে পা বাড়াবেন এমনটা অনেকেই ধরে নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মুকুলের নৌকায় না উঠে মমতা-পন্থী হয়ে গেলেন ঋতব্রত।
সিপিএমে বহিষ্কৃত হওয়ার পর মুকুল রায়ই রাজনৈতিক পরামর্শদাতা মেনেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দুই দল-হারা নেতা মিলে গিয়েছিলেন এক বিন্দুতে। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর ঋতব্রতও সেই পথে পা বাড়াবেন এমনটা অনেকেই ধরে নিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত মুকুলের নৌকায় না উঠে মমতা-পন্থী হয়ে গেলেন ঋতব্রত।

ঋতব্রতর এই পাল্টিতে মুকুল রায় এবার কোমর বেঁধে নামলেন আক্রমণে। এবার সরাসরি ঋতব্রতকে নয়, আক্রমণ শানালেন তাঁর হাতে গড়া দল তৃণমূল কংগ্রেসকে। তোপ দাগলেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতকে আদিবাসী কমিটির চেয়ারম্যান করা নিয়ে মুকুল বলেন, তৃণমূল কংগ্রেসের এখন আর লোক নেই, তাই ঋতব্রত-র মতো কাউকে ভাড়়া করতে হচ্ছে।
শনিবার উত্তর ২৪ পরগনার বারাকপুরে বিজেপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই তোপ দাগলেন মুকুল রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নের জন্য একটি কোর কমিটি তৈরি করেন। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ঋতব্রতকে। এই ঘটনা প্রমাণ করে তৃণমূলে আর লোকজন নেই। তাই ঋতব্রতদের ডেকে এনে কমিটিতে স্থান দিতে হচ্ছে।
তিনি বলেন, তৃণমূলে শেষের শুরু হয়ে গিয়েছে। এমনই কিছু ঘটনা তা জানান দিচ্ছে বারবার। আগামী ২০১৯-এই তৃণমূলের কফিনে শেষ পেরেকটা পুতে দিতে হবে। তারপর বিধানসভায় বিদায় তৃণমূলের। এদিন কলেজে-ভর্তিকাণ্ডেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন মুকুল রায়। বলেন, এসবই হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে।












Click it and Unblock the Notifications