‘লজ্জা’ ঢাকতে ১০ হাজার টাকায় শিশু বিক্রি করল মা! গ্রেফতার দালাল, আটক ৪
চারদিনের কোলের ছেলেকে ১০ হাজার টাকার বিনিয়মে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়ার শ্যামপুরের ভগবতীপুরে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
হাওড়া, ২২ অক্টোবর : চারদিনের কোলের ছেলেকে ১০ হাজার টাকার বিনিয়মে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধেই। চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়ার শ্যামপুরের ভগবতীপুরে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে উলুবেড়িয়ার কুলগাছিয়া থেকে। শিশু ও তার মাকে হোমে পাঠানো হচ্ছে। শনিবার এই ঘটনায় এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাত্র ৪ দিন আগে ভূমিষ্ঠ হয়েছে ফুটফুটে শিশু। অপরাধ তার অবৈধ সন্তান হয়ে জন্মানো। তাই জন্মদাত্রী মা-ই কোলের শিশুটিকে মাত্র ১০ হাজার টাকায় এক দালালকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই দালাল আবার ২৫ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেয় এক দম্পতিকে।

শ্যামপুরের ভগবতীপুরের বাসিন্দা পুতুল প্রমাণিক ওরফে কল্পনা। স্বামী পরিত্যক্তা৷ সাত বছরের ছেলে ও দশ বছরের মেয়েকে নিয়েই তাঁর সংসার। একশো দিনের কাজ করে কোনওরকমে দুই সন্তানের মুখে অন্ন তুলে দেন তিনি। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর মাঝমধ্যেই হাওড়ার জয়পুরে দিদির বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন তিনি৷ তখনই জামাইবাবুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে তিনি জড়িয়ে পড়েন৷ আর তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কল্পনা৷
হাসপাতালে গর্ভপাত করাতে যান তিনি। কিন্তু রাজি হননি চিকিৎসকেরা৷ ওই সন্তানকে নিয়ে তিনি কী করবেন? পড়ে যান গভীর সঙ্কটে। এরপরই লজ্জা ঢাকতে সন্তানকে বিক্রি করে দেওয়ার মতলব আঁটেন তিনি। যে চিকিৎসকের কাছে তিনি গর্ভপাত করাতে গিয়েছিলেন, তাঁরই সুপারিশে তিনি সন্তান বিক্রির ব্যবস্থা করে ফেলেন। শুভ দোলুই নামে এক মধ্যস্থতাকারীর সহায়তায় উলুবেড়িয়ার কুলগাছিয়ায় বাপ্পাদিত্য মাইতি ও রীতা মাইতি নামে এক দম্পতি ওই শিশুটিকে কিনে নেন। এর জন্য শুভ পুতুল ওরফে কল্পনার হাতে ১০ হাজার টাকা দেন।
গ্রামবাসীরা এই শিশু বিক্রির কথা জানতে পেরে শ্যামপুর থানায় অভিযোগ করেন। শ্যামপুর থানার পুলিশ তদন্তে নেমে শুভকে গ্রেফতার করে। পুলিশি জেরায় উঠে আসে শুভ ২৫ হাজার টাকা দিয়ে বিক্রি করেছিল শিশুটিকে। বাপ্পাদিত্যর বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। বাপ্পাদিত্যর স্ত্রী রীতাদেবীকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে পুতুলকেও। এদিনই আদালতে তোলা হয় ধৃত শুভ দোলুইকে।
গোপন জবানবন্দি নেওয়ার পর শিশু-সহ মাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ধৃতকে পুলিশ হেফাজেত নিয়ে জেরা করা হচ্ছে। এই ঘটনায় আর কে কে জড়িত তাদের নাম জানতে চাইছে পুলিশ। পুতুলের দিদি ঝর্না ও জামাইবাবু বুদ্ধদেব ধাড়াকেও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications