দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, উত্তরে বৃষ্টি কমলেও শঙ্কা বাড়াচ্ছে বজ্রগর্ভ মেঘ
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ।
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই এবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড় ও ওড়িশায় এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় রয়েছে, যার জেরে এরাজ্যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এরমধ্যেও আশার বাণী উত্তরবঙ্গের জন্য। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। তবে বিহারে বৃষ্টির পরিমাণবৃদ্ধির সম্ভাবনা থাকায় এখনই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন না আবহবিদরা।

অপরদিকে ঝাড়খণ্ড, ছত্রিশগড়েরও বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। সেইসঙ্গে অসম, মেঘালয় সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যা তাতে জল যন্ত্রণা থেকে এখনই রেহাই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না।












Click it and Unblock the Notifications