এক হাজারেরও নীচে নামল কলকাতার করোনা সংক্রমণ! স্বস্তি দিয়ে কমল মৃতের সংখ্যাও
গত কয়েকদিন ধরে নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৮, ৮১১। যা নিঃসন্দেহে আশার আলো।
গত কয়েকদিন আগেও বাংলায় দৈনিক করোনা সংক্রমণের হার ছিল ১৯ হাজার থেকে ২০ হাজার! এই অবস্থায় বাংলায় কার্যত লকডাউন জারি করা হয়। একাধিক বিধি নিষেধ জারি করা হয়। যার সুফল পাচ্ছে বাংলার মানুষ। গ্রাফ এখন নিম্নমুখী। ক্রমশ কমছে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। তাৎপর্যপূর্ণ ভাবে আজ বৃহস্পতিবার কমেছে করোনায় মৃতের সংখ্যাও।
যা নিঃসন্দেহে আশার আলো। যদিও এভাবে সংক্রমণের হার কমার জন্যে বাংলার মানুষকেই ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মানুষ কোভিড বিধি মানছে বলেই কমছে সংক্রমণ।

স্বস্তি দিচ্ছে সংক্রমণের হার
গত ২৪ ঘণ্টায় বাংলাতে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৮, ৮১১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৯২৩ জন। যা নিঃসন্দেহে আশার আলো। আজ বৃহস্পতিবার পর্যন্ত বাংলাতে মোট করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যাও কিছুটা কমেছে। আর তা কমে হয়েছে ৬১ হাজার ৭৮০ জন।

সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে জেলাতেও
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতদের মধ্যে ১,৮৪২ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে ওই জেলা। তবে আগেরদিনের পর বৃহস্পতিবারও উঃ ২৪ পরগনার সংক্রমণ দৈনিক ২ হাজারের নিচে। যা স্বস্তি দিচ্ছে ওই জেলার বাসিন্দাদের। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৭৬ জন। দীর্ঘদিন পর কলকাতার দৈনিক সংক্রমণ এক হাজারের কম। যা অবশ্যই ভালো খবর বলে দাবি চিকিৎসকদের। তৃতীয় স্থানে উঠে এসেছে হাওড়া। একদিনে সংক্রমিত সেখানকার ৬৫৬ জন। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৫৯০ জন।

কমেছে মৃতের সংখ্যাও
গত কয়েকদিন ধরেই ক্রমশ করোনাতে সংক্রমণের হার কমছিল। যা যথেষ্ট স্বস্তি দিচ্ছিল। কিন্তু মৃত্যুর সংখ্যাটা তেমণ ভাবে কমানো যাচ্ছিল না। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর। গত ২৪ ঘন্টায় কমল মৃতের সংখ্যা। বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। এদিনের মৃতদের মধ্যে ৩০ জনই উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া করোনার বলি ৮ জন। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫, ৯২১।

সুস্থ হয়েছেন বহু মানুষ
রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৪৬ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৫৬৮ টি নমুনা পরীক্ষা হয়েছে।

শর্ত মেনে বাংলায় খুলছে হোটেল, রেস্তোরাঁ
নবান্ন সভাগৃহে বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি রাজ্যে চলতি বিধিনিষেধে কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড বিধি মেনে রেস্তোরাঁ চালানো যেতে পারে। তবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে রেস্তোরাঁ।কর্মীদের টিকা দিয়ে রেস্তোরাঁ খোলা যেতে পারে। এমনটাই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, মাত্র ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পোশাকের দোকান খোলা রাখার ক্ষেত্রেও এক ঘন্টা আরও অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications