অসুস্থ মোর্চা কাউন্সিলরের মৃত্যু এসএসকেএম-এ, সরকার খুন করেছে অভিযোগ দিলীপ ঘোষের
অসুস্থ অবস্থায় এসএসকেএম-এ জেল হেফাজতে মৃত্যু হল কালিম্পং পুরসভার মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলের। সরকার বরুণকে খুন করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
অসুস্থ অবস্থায় এসএসকেএম-এ জেল হেফাজতে মৃত্যু হল কালিম্পং পুরসভার মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলের। সরকার বরুণকে খুন করেছে বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

জুন মাসে গ্রেফতার করা হয়েছিল কালিম্পং পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোর্চা কাউন্সিলর বরুণ ভূজেলকে। এরপর থেকে শিলিগুড়ি জেলেই ছিলেন বরুণ। লিভার এবং প্যাংক্রিয়াসের রোগে ভুগছিলেন তিনি। শিলিগুড়ি জেলে থাকাকালীন অসুস্থতা বাড়ায় দিন কয়েক আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল বরুণকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে কলকাতায় আনা হয়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার রাতেই বরুণের মৃত্যু হয়। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের অবহেলায় এই মৃত্যু বলে অভিযোগ করেছে বরুণের পরিবার এবং গুরুংপন্থী মোর্চা নেতাদের। অডিও বার্তায় মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করেছেন বিমল গুরুং। শিলিগুড়ি কিংবা কলকাতা হাসপাতালে পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কালিম্পং-এ নিয়ে বুধবার বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা।

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, চার মাস ধরে জেলে ধরে রেখে রাজ্য সরকার খুন করেছে বরুণ ভূজেলকে। বরুণের মৃত্যুর ঘটনায় পুলিশের অত্যাচারের অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যদিও সরকারের তরফ থেকে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। অসুস্থতার কারণেই কালিম্পং পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ ভূজেলের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications