Monsoon: আবহাওয়ার খামখেয়ালিপনায় ইসলামপুরে বর্ষা আটকে নয়দিন! ৪৪ ডিগ্রি তাপমাত্রায় দক্ষিণবঙ্গে বর্ষা কবে?
Monsoon: জ্বালাপোড়া গরম চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। তার মধ্যে এদিন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গাায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি কবে আবহাওয়া স্বস্তি দিতে পারে, সেই দিকেই তাকিয়ে সবাই।
রবিবার রাজ্যের মধ্যে পানাগড়ে ছিল সর্বোচ্চ তাপমাত্রা, ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৪ ডিগ্রি বেশি। এছাড়া যেসব জায়গায় তাপমাত্রা ৪০ কিংবা তার ওপরে ছিল, সেগুলি হল বাঁকুড়া (৪২.৩), শ্রীনিকেতন (৪১), মগরা (৪০.২), কলাইকুন্ডা (৪৩.৯), বর্ধমান (৪০), আসানসোল (৪২.৬), পুরুলিয়া (৪২.,৭) ও ঝাড়গ্রাম (৪০.৫)।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত নয় দিনের বেশি সময় ধরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরে এসে আটকে রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এসে আটকে গিয়েছে মৌসুমী বায়ু। যা খুলনা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কবে এগোবে, তা বলছে পারছেন না আবহবিদরা।
এই পরিস্থিতিতে আবহবিদদের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশে নির্ধারিত সময়ের থেকে দেরি হতে পারে। সাধারণভাবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে ১২ জুন। এবার এখনও পর্যন্ত তার কোনও ইতিবাচক কিছু পাওয়া যাচ্ছে না।
প্রাক বর্ষার যে বৃদ্ধি সাধারণভাবে দক্ষিণবঙ্গে হয়, তারও দেখা মিলছে না এবার। সেই পরিস্থিতিতে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল সাধারণ মানুষ।
কিন্তু গত মাসের একেবারে শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করে। মৌসুমী বায়ু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশেও পুরোপুরি ঢুকে পড়ে। এছাড়া ত্রিপুরা, মেঘালয়, অসম হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঢুকে পড়ে মৌসুমী বায়ু। তারপর তা ইসলামপুরে এসে আটকে যায়।
ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় কয়েকদিনের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে কিংবা তার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাাস রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার নাগাদ সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications