বর্ষা গেলেও বৃষ্টির ছোঁয়া! কালীপুজোয় ফের ভিজতে পারে ৬ জেলা, শীতের অপেক্ষায় রাজ্য
বর্ষা বিদায়ের মুখেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে স্পষ্ট রাজ্যে ফের নিম্নচাপ ঘনিয়ে আসছে। কালীপুজোর মুখে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে অন্তত ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে দক্ষিণ,পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব স্থানেই এখন বর্ষাহীন আবহাওয়া। কিন্তু প্রকৃতি যেন এবারও কিছুটা চমক রেখে দিতে চায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে তিনটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে,একটি দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে, দ্বিতীয়টি দক্ষিণ বিহারে, আর তৃতীয়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে। এগুলির মধ্যে এক বা একাধিক ঘূর্ণাবর্ত চলতি সপ্তাহের শেষের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও, দক্ষিণী ও পশ্চিমী বাতাসের মিলনে আবারও দেখা দিতে পারে বৃষ্টি।

দক্ষিণবঙ্গে শনিবার থেকেই উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার সেই তালিকায় যুক্ত হতে পারে পূর্ব মেদিনীপুর। কলকাতার আকাশও শনি ও রবিবার দুই দিনই থাকতে পারে মেঘলা, সঙ্গে টিপটিপে বৃষ্টি।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির মতো পাহাড়ি জেলাগুলিতে শনিবার থেকে শুরু হতে পারে ঝড়বৃষ্টি। সকালবেলা কিছু এলাকায় কুয়াশা নামারও আশঙ্কা রয়েছে।
দুর্গাপুজোর পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। তবে তাপমাত্রা ধীরে ধীরে নামছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২৩.৪° সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে ১.৪° কম।
বর্ষার বিদায় আর শীতের আগমনের মাঝামাঝি এই সময়ে, রাজ্যজুড়ে চলছে এক অদ্ভুত আবহ,আকাশে মেঘ, বাতাসে শীতের আভাস, আর সামনে কালীপুজোর উৎসব। এখন দেখার, প্রকৃতি শেষ পর্যন্ত কোন রূপে চমকে দেয় বাংলাকে বৃষ্টির ছোঁয়ায়, না শীতের স্পর্শে, সেই দিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications