সোমবারের ধর্মঘট আপাতত স্থগিত রাখলেন বাস মালিকরা
টালা ব্রিজ বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। সংগঠনের পক্ষ থেকে রাজ্য পরিবহণ দপ্তরে সাত দফা দাবি পেশ করা হয়েছিল। কিন্তু তাদের সেই দাবির মান্যতা না পাওয়া যায়নি। তাই সাত দফা দাবি নিয়ে আগামী সোমবার থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু শুক্রবার সংগঠনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তার পরেই ধর্মঘটের সিদ্ধান্ত বদলে ফেলে বাস মালিকদের সংগঠন।

গত বৃহস্পতিবারই রাস্তায় বাস নামাবেনা বলে বাস মালিকদের সংগঠন যে সিদ্ধান্তের কথা জানিয়েছিল একদিনের মধ্যেই তা বদলে তারা ঘোষণা করেছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। 'ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন' আগে জানিয়েছিল, টালা ব্রিজ দিয়ে বাস বন্ধের পর যেভাবে বিকল্প রুটে বাস চালাতে দেওয়া হচ্ছে, তাতে আর্থিক ক্ষতি হচ্ছে মালিকদের। নতুন করে রুট বিন্যাস সহ মোট সাত দফা দাবি জানানো হয়েছিল সরকারের কাছে। দাবি পূরণ না হওয়ার কারণেই পরিষেবা প্রত্যাহারের ডাক দিয়েছিল তারা।
সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বোস জানান, শুক্রবার পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট এবং কলকাতা ট্রাফিক পুলিসের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে আমাদের দাবিগুলি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দাবি ছিল, বেলগাছিয়া ব্রিজ দিয়ে কেবল শ্যামবাজারমুখী বাস-মিনিবাস চলতে দেওয়া হোক। উত্তরমুখী বাস-মিনিবাস চালানো হোক চিৎপুর লক গেট দিয়ে। এদিনের বৈঠকে এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। সেই মতো ১৫ ডিসেম্বর পর্যন্ত আমাদের সিদ্ধান্ত স্থগিত রাখছি। ১৬ ডিসেম্বর ফের নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, এই ধর্মঘটের জেরে শহরের ১৯ টি রুটে ৫০০ টির বেশি বাস চলাচল বন্ধ থাকত। ৭৮, ৭৮/১, ২১৪, ২১৪/এ, ২৩০, ২৩৪, ২৩৫/১, ২০১, ৩৪ বি, ৩৪ সি, ৩০এ, ২০২, কে-৪, এস ১৫৮, এস ১৫৯, এস১৮০, এস ১৮১, এস ১৮৫ সহ একাধিক বাস।












Click it and Unblock the Notifications