বাংলায় ৩ মে তিনটি জনসভা করবেন মোদী, প্রচারে আরও ঝড় তুলবেন প্রধানমন্ত্রী?
বাংলায় এক দিনে তিন তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আগামী ৩ মে এই তিন সভা রয়েছে। উত্তরবঙ্গের ভোটপর্ব মিটেছে। এবার দক্ষিণবঙ্গে ভোট হবে৷ আর সেখানেও নরেন্দ্র মোদী ধারাবাহিক প্রচারে আসবেন বলে খবর।
৩ মে তিনটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর কেন্দ্রে সভা রয়েছে। তিনটি কেন্দ্রেই এবারের রাজনৈতিক লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের মহুয়া মৈত্র প্রার্থী। সংসদে মহুয়া মৈত্র বনাম কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব প্রায় সকলের জানা। বিজেপি সরকারের প্রবল বিরোধিতা করে চলেছেন মহুয়া মৈত্র। মহুয়াকে এবার হারাতে মরিয়া বিজেপি। কৃষ্ণনগর রাজপরিবারের সদস্য 'রাজমাতা' অমৃতা রায়। তাঁকে ঘিরে বিজেপি প্রচারও চালাচ্ছে।
অমৃতা রায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছিল আগে। এবার তাঁর হয়েই কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। এই আসন যে বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তা বলার অপেক্ষা রাখে না। বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম সরকার। তিনি কবিয়াল হিসেবেও বাংলায় পরিচিত।
এছাড়াও বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পিয়া সাহা। তিনি সাধারণ গৃহবধূ হিসেবে পরিচিত। অসীম সরকার ও পিয়া সাহার সমর্থনেও প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ৩ মে পরপর তিনটি জনসভা করবেন তিনি।
উত্তরবঙ্গেও ধারাবাহিক প্রচার করেছেন মোদী৷ এবার দক্ষিণবঙ্গেও সভা শুরু হচ্ছে তাঁর। শোনা যাচ্ছে খাস কলকাতাতেও এবার প্রধানমন্ত্রীর সভা ও রোড শো থাকবে। উত্তরবঙ্গের সভা থেকেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে নিশানা করছেন মোদী। সন্দেশখালি থেকে দুর্নীতি, এসএসসি একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী।
বাংলাকে কতটা পাখির চোখ করেছে বিজেপি? কতটা গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী? বাংলা থেকে কতগুলো আসন পাওয়ার খসড়া রয়েছে মোদীর কাছে? সেই প্রশ্ন উঠছে৷












Click it and Unblock the Notifications