মোদী খুশি নন, বাংলায় সরকার গড়াই বিজেপির লক্ষ্য, শিলিগুড়িতে শাহের স্পষ্ট ঘোষণা

উত্তর ও দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দেশজুড়ে গেরুয়ার বিস্তার। ২১টি রাজ্যে বিজেপির সরকার, ক্ষমতার মানচিত্রে পদ্মফুলের দাপট স্পষ্ট। তবু সন্তুষ্টি নেই। কারণ একটাই বাংলা। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে সেই কথাই খোলাখুলি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর স্পষ্ট উচ্চারণ, "২১ রাজ্যে আমাদের সরকার আছে। তবুও মোদী খুশি নন। বাংলায় সরকার গড়তে পারলেই সোনালী সাফল্য আসবে।"

দীর্ঘদিন ধরেই বিজেপির স্বপ্নের তালিকায় 'সোনার বাংলা'। কিন্তু সংগঠনের দুর্বলতা, বাঙালিয়ানার দূরত্ব সহ একাধিক বাধায় সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। একুশের বিধানসভায় 'এবার ২০০ পার' স্লোগান উঠেও থেমেছিল ৭৭ এ। চব্বিশের লোকসভায়ও বাংলায় প্রত্যাশা মেটেনি, উনিশের তুলনায় কমেছে আসন। উল্টো দিকে, তৃণমূল কংগ্রেস আরও শক্ত পায়ে জাতীয় রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করেছে।

এই প্রেক্ষিতেই শিলিগুড়ির মঞ্চ থেকে আগাম লড়াইয়ের সুর বাঁধলেন শাহ। ছাব্বিশের ভোটে আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের শীর্ষ নেতা বললেন, "মমতা সরকারের বিদায় হবেই।" তাঁর অভিযোগের নিশানায় রাজ্য সরকারের দুর্নীতি ও নারী নিরাপত্তা। ব্যরাকপুর থেকে শিলিগুড়ির কর্মীসভা থেকে জনসভা, সর্বত্র একই অভিযোগ, দুর্নীতিতে সাধারণ মানুষের হাঁসফাঁস, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই নিরাপদ নন।

শাহের কণ্ঠে সময়সীমাও। তাঁর কথায়, "আপনার টা টা, বাই বাই এর সময় এসে গিয়েছে। এপ্রিলের শেষেই বিদায়।" পাশাপাশি একগুচ্ছ প্রতিশ্রুতি বিজেপি ক্ষমতায় এলে আনন্দপুর অগ্নিকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তি, ৪৫ দিনের মধ্যে অরক্ষিত সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধের আশ্বাস।

২১ রাজ্যের ক্ষমতার ভার কাঁধে নিয়েও যে 'অসম্পূর্ণতা' বয়ে বেড়াচ্ছে বিজেপি নেতৃত্ব, শিলিগুড়ির সভায় তা আর আড়াল থাকল না। বার্তা পরিষ্কার বাংলা দখল না হলে তৃপ্তি নেই। এখন দেখার, এই বার্তা ছাব্বিশের ভোটের ময়দানে কতটা প্রতিধ্বনি তোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+