ফুটপাতবাসী-কাগজকুড়ানিদেরও রেশন কার্ড বানাতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
ফুটপাতবাসী-কাগজকুড়ানিদেরও রেশন কার্ড বানাতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পথে মোদী সরকার। এবার খাদ্য সুরক্ষা বলয়ের মধ্যে গৃহহীন, ফুটপাতবাসী, কাগজকুড়ানি, দিনমজুরদেরও রেশন কার্ড তৈরির রাস্তায় হাঁটছে কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে সংবাদমাধ্যম, এনজিও ও বিভিন্ন সামাজিক সংগঠনের রিপোর্ট অনুসারে দেশের মধ্যে সবচেয়ে খাদ্যকষ্টে ভোগেন গৃহহীন, কাগজকুড়ানিরা। এদের রেশন কার্ড করানোর ব্যবস্থা অতি দ্রুত করতে হবে৷ ২০১৩ খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিশেষ প্রকল্পের মাধ্যমে এই সমস্ত মানুষদের রেশন কার্ড দিতে হবে৷
কেন্দ্রের তরফে আরও বলা হয় গৃহহীন, দিনমজুরদের ডকুমেন্ট না থাকায় ২০১৩ খাদ্য সুরক্ষা আইনের আওতায় আনা যায়নি। তবে এবার এঁদের 'বিশেষ ক্ষেত্র' হিসেবে চিহ্নিত করে প্রতিদিনের খাবারের নিশ্চয়তা দেওয়া হবে৷ এই বিষয়ে সহযোগিতার জন্য সমস্ত রাজ্যগুলিকে এগিয়ে আসতে বলেছে কেন্দ্র৷ মোদী সরকারের তরফে জানানো হয়েছে 'প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা'র মধ্যে ৮ কোটি মানুষ ফ্রি-তে ৫ কেজি খাদ্যশস্য পান৷ এবার ডকুমেন্টের ঝামেলা সরিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এরকম মানুষের কাছে খাবার পৌঁছে দিতে চাইছে মোদী সরকার৷ এ বিষয়ে চিঠিতে রাজ্যগুলিকে নির্দেশও দিয়েছে কেন্দ্র।
গ্লোবাল হ্যংগার ইনডেক্সে ১০৭টি দেশের মধ্যে ৯৪-এ রয়েছে ভারত। খাদ্য গণবন্টনের রেশনিং সিস্টেমকে ঢেলে সাজানোর পদ্ধতি শুরু করেছে মোদী সরকার।

পুরো বিষয়টি নিয়ে বিজেপির বক্তব্য
বিষয়টি নিয়ে বিজেপি নেতা ডঃ অনির্বাণ গাঙ্গুলি বলেন, ' শ্রদ্ধেয় মোদীজী দেশহিতে কাজ করেন৷ বারবার তা প্রমাণিত। এই প্রথম কেউ দেশের ফুটপাতবাসী, কাগজকুড়ানিদের কথা ভাবল।'

সিপিআইএমের বক্তব্য :
মোদী সরকারের এই নতুন প্রচেষ্টা নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'আমি এই করোনা থেকে সেরে উঠেছি৷ বাইরে খুব একটা বেরোচ্ছি না। এ নিয়ে পার্টি অফিসে জিজ্ঞেস করুন৷ আমি কিছু বলতে পারবো না।'

তৃণমূলের বক্তব্য :
ফুটপাতবাসীদের রেশন কার্ড তৈরি করে খাদ্যশস্য দেওয়ার মোদী সরকারের এই পরিকল্পনা নিয়ে তৃণমূল স্পোকসপার্সন বিজন সরকার বলেন, 'অবশ্যই এটি ভালো উদ্যোগ তবে যদি না এটাও মোদী সরকারের অন্য প্রতিশ্রুতিগুলোর মতো ভাঁওতা হয়। তবে অনেক সময় ফুটপাতবাসী কিংবা ভবঘুরেদের রান্না করার মতো সুযোগ থাকে না৷ তাই ওদের দুবেল রান্না করা খাবার দেওয়া হোক। এর জন্য রাজ্যগুলিকে পর্যাপ্ত ফান্ড দিক কেন্দ্র। দরকারে রাজ্যের তদারকিতে বিভিন্ন এনজিওগুলোকেও এই কাজে ব্যবহার করা যেতে পারে।'












Click it and Unblock the Notifications